দেশের আট থেকে ১০ শতাংশ মানুষ কণ্ঠনালির কোনো না কোনো সমস্যায় ভুগছেন। কণ্ঠনালির ক্যানসার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ আরোগ্য লাভ করা সম্ভব।বিশ্ব কণ্ঠ দিবসের আলোচনায় গতকাল রোববার বক্তারা এ কথা বলেন। বিশ্ব কণ্ঠ দিবস উদ্যাপন কমিটি জাতীয় প্রেসক্লাবে ওই আলোচনার আয়োজন করে। ১৬ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালিত হয়। এ বছর দিনটির প্রতিপাদ্য ছিল ‘আপনার কণ্ঠকে ভালোবাসুন’।আলোচনায় মূল বক্তব্য দেন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক আলমগীর চৌধুরী। তিনি কণ্ঠনালির বিভিন্ন রোগ ও চিকিৎসা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশেও প্রতি বছর প্রায় ৪০ হাজার মানুষ কণ্ঠনালির বিভিন্ন রোগে আক্রান্ত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন খান। সভাপতিত্ব করেন অধ্যাপক এম আলাউদ্দিন। অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভুঁইয়া, সাংসদ মুরাদ হাসান, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক সজল আশফাক প্রমুখ আলোচনায় অংশ নেন।