চিকিৎসায় ফিস্টুলা ভালো হয়, প্রয়োজন সম্মিলিত উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নিরাপদ মাতৃত্ব ও ফিস্টুলামুক্ত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা। আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এই বৈঠকের আয়োজন করে প্রথম আলো ও ইউএনএফপিএ। ছবি: সাইফুল ইসলাম
‘নিরাপদ মাতৃত্ব ও ফিস্টুলামুক্ত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা। আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এই বৈঠকের আয়োজন করে প্রথম আলো ও ইউএনএফপিএ। ছবি: সাইফুল ইসলাম

বিয়ের বয়স হওয়ার আগেই ১৯৯৮ সালে বিয়ে হয় তাঁর। যৌতুকের জন্য শাশুড়ি নির্যাতন করতেন। খেতে দিতেন না। ২০০২ সালে সন্তান পেটে আসে। বাচ্চা পেটে নিয়ে ১০ থেকে ২০ কলসি পানি আনতে হতো। প্রসবব্যথার কথা জানালে শাশুড়ি বলে দেন, লোকের কাছে বলবা না। বরাদ্দ হয় আলাদা ঘর। ব্যথা নিয়ে তিন দিন পার হলে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মৃত সন্তান প্রসব করেন তিনি। প্রসবের ১৩ দিন পর চেতনা ফিরে তিনি জানলেন, তাঁর ফিস্টুলা হয়েছে। স্বামী আবার বিয়ে করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় ফিস্টুলা সেন্টারে চিকিৎসার পর তিনি ভালো হন। এখন নিজেই কমিউনিটি ফিস্টুলা অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন।

বাস্তব এই জীবনকাহিনি শামীমা বেগমের। আজ রোববার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘নিরাপদ মাতৃত্ব ও ফিস্টুলামুক্ত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সুনামগঞ্জের শামীমা তাঁর জীবনের কাহিনি শোনান। শামীমা ২০১৩ সাল থেকে সংগ্রাম করছেন অন্য ফিস্টুলা রোগীদের চিকিৎসাকেন্দ্রে আনার জন্য।
গোলটেবিল বৈঠকে উপস্থিত আলোচকেরা বললেন, ফিস্টুলা কোনো অসুখ নয়। এটি প্রসবজনিত একটি জটিলতা। বিনা মূল্যে চিকিৎসা আছে। কিন্তু তারপরও ফিস্টুলা রোগীরা সামাজিক বাস্তবতার কারণে লুকিয়ে থাকেন। কমিউনিটির লোকজনও সচেতন হয়নি। এই রোগীদের খুঁজে বের করে চিকিৎসা এবং সমাজে পুনর্বাসনের জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ এবং পর্যাপ্ত বাজেট।
প্রথম আলো এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
গোলটেবিল বৈঠকে ইউএনএফপিএর প্রজেক্ট টেকনিক্যাল অফিসার আয়েশা সিদ্দিকা মূল বক্তব্যে ২০০৩ সালের বেসরকারি সংগঠনের করা একটি জরিপ উল্লেখ করে জানান, প্রতি হাজার বিবাহিত নারীর বিপরীতে বাংলাদেশে ফিস্টুলা-আক্রান্ত নারীর হার ১ দশমিক ৬৯ জন। এর বাইরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে, বছরে দুই হাজার নারী নতুন করে ফিস্টুলায় আক্রান্ত হচ্ছেন। তবে ফিস্টুলা নিয়ে এখন পর্যন্ত জাতীয় কোনো জরিপ নেই। ২০০৩ সাল থেকে সরকার, ইউএনএফপিএসহ বিভিন্ন দাতাগোষ্ঠী ও বেসরকারি সংগঠন ফিস্টুলাকে গুরুত্ব দিচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ন্যাশনাল ফিস্টুলা সেন্টারসহ সরকারি ও বেসরকারিভাবে মোট ১৮টি ফিস্টুলা সেন্টার পরিচালিত হচ্ছে। জাতীয় কর্মপরিকল্পনা ও কর্মকৌশল তৈরি হয়েছে।
গোলটেবিল বৈঠকের মূল প্রবন্ধ এবং চিকিৎসকদের আলোচনা থেকে জানা যায়, প্রসবব্যথা ১২ ঘণ্টার বেশি স্থায়ী হলে বা বিলম্বিত প্রসবের সময় সন্তানের মাথা জরায়ুর মুখে আটকে থাকার ফলে মূত্রথলি ও পায়ুপথ চাপের মধ্যে থাকে। চাপে থাকার ফলে এসব জায়গায় রক্ত চলাচলে সমস্যার সৃষ্টি হয় এবং পচন ধরে। কয়েক দিনের মধ্যে সেখানে ফুটো তৈরি হয়। মূত্রথলি ও যোনিপথের মধ্যে অস্বাভাবিক সংযোগ হলে তাকে ভেসিকোভ্যাজিনাল ফিস্টুলা (ভিভিএফ) এবং পায়ুপথ ও যোনিপথের মধ্যে সংযোগ হলে তাকে রেকটোভ্যাজাইনাল ফিস্টুলা (আরভিএফ) বলা হয়। এর বাইরে অস্ত্রোপচারে সন্তান প্রসবের সময় অথবা নারীর তলপেটে অস্ত্রোপচারের সময় দুর্ঘটনার কারণেও ফিস্টুলা হচ্ছে।
আলোচনায় সাংসদ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (মাতৃ ও শিশুস্বাস্থ্য) উপদেষ্টা মো. হাবিবে মিল্লাত ফিস্টুলা–সংক্রান্ত তথ্য–উপাত্ত থাকার বিষয়টিতে গুরুত্ব দেন। জনপ্রতিনিধিরা একসঙ্গে অনেক মানুষের কাছে তথ্য পৌঁছাতে পারে বলে উল্লেখ করে তিনি ফিস্টুলাসহ যেকোনো সমস্যা সমাধানে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার বিষয়টিতে গুরুত্ব দেন। গর্ভকালীন অন্ততপক্ষে চারবার প্রসবপূর্ব সেবা নেওয়া, স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ মোট জনসংখ্যার ৪০ ভাগ যুবদের গুরুত্ব দিয়ে বিশেষ কর্মসূচি হাতে নিলে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার পাশাপাশি ফিস্টুলা সমস্যা প্রতিরোধ করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।
ফিস্টুলা বিশেষজ্ঞ এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অব অবস্ট্রেটিক ফিস্টুলা সার্জনের এশিয়ার প্রতিনিধি অধ্যাপক সায়েবা আখ্তার আলোচনার শুরুতেই যে ফিস্টুলা রোগীরা ভালো হওয়ার আশা নিয়ে দু–তিনবার ধৈর্য ধরে অস্ত্রোপচার করাতে আসছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এখন পর্যন্ত আন্তর্জাতিক এজেন্সিগুলো ফিস্টুলার ক্ষেত্রে এশিয়ার চেয়ে আফ্রিকাকে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে বাংলাদেশেও ফিস্টুলায় আক্রান্ত অনেক মা লুকিয়ে আছেন।
সায়েবা আখতারের মতে, ফিস্টুলা নিয়ে পরিকল্পনা করার সময় আফ্রিকার যেসব দেশ ফিস্টুলা ব্যবস্থাপনায় ভালো করেছে, তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। শুধু ফিস্টুলা সেন্টার না খুলে তা কীভাবে টেকসই হবে, তা নিয়ে চিন্তা করতে হবে। আর কমিউনিটির লোকজনকে সজাগ করা না গেলে ফিস্টুলা মায়েদের খুঁজে পাওয়া যাবে না। আর এসব কাজে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে।
পাবলিক হেলথ কেয়ারের পরিচালক হাবিব আবদুল্লাহ সোহেল বলেন, ফিস্টুলাকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে হলে সব মায়ের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। তিনি জানান, প্রতিটি জেলা হাসপাতালে ফিস্টুলা কর্নার চালু করা হবে। এখানে রোগীরা স্ক্রিনিং, প্রাথমিক সেবা এবং তারপর কোথায় যেতে হবে অর্থাৎ রেফারেল সেবা পাবেন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (মা ও শিশু) মোহাম্মদ শরীফ চিকিৎসক, মিডওয়াইফসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ছয় মাসের যে প্রশিক্ষণ দিয়ে মাঠে নামিয়ে দেওয়া হচ্ছে তা সঠিক নয় বলে উল্লেখ করেন। তাঁর মতে, এ প্রশিক্ষণের মেয়াদ কমপক্ষে এক বছর হওয়া প্রয়োজন।
পেশাজীবীদের সংগঠন অবসটিট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) মহাসচিব অধ্যাপক ফারহানা দেওয়ান জানান, পার্টোগ্রাফের মাধ্যমে বিলম্বিত প্রসব মনিটরিং করা হচ্ছে। এতে করে সময়মতো মাকে হাসপাতালে পাঠানো সম্ভব হচ্ছে। এ ছাড়া সরকারের সঙ্গে চিকিৎসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সংগঠনের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাঁর মতে, ফিস্টুলা চিকিৎসার পাশাপাশি প্রতিরোধের দিকেও নজর বাড়াতে হবে।
এনজেন্ডার হেলথ বাংলাদেশের দেশীয় প্রতিনিধি আবু জামিল ফয়সল অস্ত্রোপচারে সন্তান প্রসবের সময় অথবা নারীর তলপেটে অস্ত্রোপচারের সময় দুর্ঘটনার কারণেও যে ফিস্টুলা হচ্ছে, তার পরিমাণ বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, বর্তমানে ২৮ শতাংশ ফিস্টুলাই হচ্ছে এ ধরনের কারণে। তাঁর মতে, গত ১০ বছরে প্রায় ৩০০ চিকিৎসককে ফিস্টুলা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে তাঁদের ১০ জনকেও এখন পাওয়া যাবে না। তাই এ বিষয়ে নজরদারি বাড়াতে হবে।
সেবা পরিদপ্তরের পরিচালক নিলুফার ফরহাদ বলেন, মিডওয়াইফ বা দক্ষ ধাত্রীদের জন্য তিন হাজার পদ যথেষ্ট নয়। দেশে প্রায় ২০ থেকে ২২ হাজার মিডওয়াইফ প্রয়োজন। বর্তমানে ৬০০ জন মিডওয়াইফ কর্মক্ষেত্রে আছেন। জুনের মধ্যে আরও ৬০০ জনের পদায়ন হবে। গর্ভে সন্তান আসার পর থেকে চারবার প্রসবপূর্ব সেবা নিলে এবং মাকে নিয়মিত কাউন্সেলিং করলে ফিস্টুলা প্রতিরোধ সম্ভব বলে উল্লেখ করেন তিনি।
সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের অধ্যাপক শামসুন নাহার গত সাত মাস ধরে সেখানে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, এ সময়ে ৫৮ জন ফিস্টুলা রোগীর অস্ত্রোপচার হয়েছে। সফলতার হার ৭২ শতাংশ। যাদের একবারে ভালো হয়নি তাদের আবার অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচারে ভালো হওয়া রোগীরাই অন্য রোগীদের হাসপাতালে নিয়ে আসছে। একজন এসেছেন যিনি ৫০ বছর ধরে ফিস্টুলা নিয়ে বেঁচে আছেন। এ ছাড়া প্রতিদিন গড়ে দুই থেকে তিনজন নতুন ফিস্টুলা রোগীও আসছেন হাসপাতালে।
বাংলাদেশ উইমেন্স হেলথ কোয়ালিশনের নির্বাহী পরিচালক শরীফ মোস্তফা হেলাল জানালেন, তাঁর সংগঠন চিকিৎসার পাশাপাশি ফিস্টুলা রোগীদের পুনর্বাসনের বিষয়টি দেখছে। যাতে তারা স্বাধীনভাবে সমাজে বসবাস করতে পারে।
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) স্বাস্থ্য বিশেষজ্ঞ রিয়াদ মাহমুদ বলেন, ফিস্টুলা প্রতিরোধ করা সম্ভব হলে ওই পরিবারের শিশুদের সুরক্ষা দেওয়া সম্ভব হবে। ফিস্টুলা প্রতিরোধে তিনি ম্যাপিং বা কোন এলাকায় ফিস্টুলা বেশি, সারা দেশে কয়টি সেন্টার দরকার তা পরিকল্পনা করে করার সুপারিশ করেন।