
১৯৯৮ সালে বিয়ে হয়। কিন্তু তখন বিয়ের বয়স হয়নি। যৌতুক ও অন্যান্য কারণে শ্বশুরবাড়িতে নির্যাতন সইতে হতো। ২০০২ সালে সন্তান পেটে আসে। প্রসবব্যথা নিয়ে তিন দিন পার হলে মৃত সন্তান প্রসব করেন তিনি। প্রসবের ১৩ দিন পর জ্ঞান ফিরে শামীমা বেগম জানলেন, তাঁর ফিস্টুলা হয়েছে। স্বামী আবার বিয়ে করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় ফিস্টুলা সেন্টারে চিকিৎসার পর শামীমা ভালো হন। এখন তিনি নিজেই কমিউনিটি ফিস্টুলা অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন।
গতকাল রোববার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘নিরাপদ মাতৃত্ব ও ফিস্টুলামুক্ত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সুনামগঞ্জের শামীমা শোনালেন তাঁর জীবনের গল্প। শামীমা ২০১৩ সাল থেকে অন্য ফিস্টুলা রোগীদের চিকিৎসাকেন্দ্রে আনার সংগ্রাম করছেন।
গোলটেবিল বৈঠকে উপস্থিত আলোচকেরা বললেন, ফিস্টুলা অসুখ নয়, এটি প্রসবজনিত জটিলতা। বিনা মূল্যে চিকিৎসা আছে, কিন্তু তারপরও ফিস্টুলা রোগীরা সামাজিক বিরূপ প্রতিক্রিয়ার কারণে বিষয়টি গোপন রাখেন। কমিউনিটির লোকজনও সচেতন হননি। এই রোগীদের বুঝিয়ে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো এবং সমাজে পুনর্বাসনের জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ ও পর্যাপ্ত বাজেট।
প্রথম আলো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।

গোলটেবিল বৈঠকে ইউএনএফপিএর প্রজেক্ট টেকনিক্যাল অফিসার আয়েশা সিদ্দিকা মূল বক্তব্যে ২০০৩ সালের বেসরকারি সংগঠনের করা একটি জরিপ উল্লেখ করে জানান, প্রতি হাজার বিবাহিত নারীর বিপরীতে বাংলাদেশে ফিস্টুলায় আক্রান্ত নারীর সংখ্যা ১ দশমিক ৬৯ জন। এর বাইরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে, বছরে দুই হাজার নারী নতুন করে ফিস্টুলায় আক্রান্ত হচ্ছেন। তবে ফিস্টুলা নিয়ে এখন পর্যন্ত জাতীয় কোনো জরিপ নেই। ২০০৩ সাল থেকে সরকার, ইউএনএফপিএসহ বিভিন্ন দাতাগোষ্ঠী ও বেসরকারি সংগঠন ফিস্টুলা রোগীর সুচিকিৎসার প্রতি গুরুত্ব দিচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ন্যাশনাল ফিস্টুলা সেন্টারসহ সরকারি ও বেসরকারিভাবে মোট ১৮টি ফিস্টুলা সেন্টার পরিচালিত হচ্ছে। জাতীয় কর্মপরিকল্পনা ও কর্মকৌশল তৈরি হয়েছে।
গোলটেবিল বৈঠকের মূল প্রবন্ধ ও চিকিৎসকদের আলোচনামতে, প্রসবব্যথা ১২ ঘণ্টার বেশি স্থায়ী হলে বা বিলম্বিত প্রসবের সময় সন্তানের মাথা জরায়ুর মুখে আটকে থাকার ফলে মূত্রথলি ও পায়ুপথ চাপের মধ্যে থাকে। চাপে থাকার ফলে এসব জায়গায় রক্ত চলাচলে সমস্যার সৃষ্টি হয় এবং পচন ধরে, এরপর নানান জটিলতা তৈরি হয়। এ ছাড়াও অস্ত্রোপচারে সন্তান প্রসবের সময় অথবা নারীর তলপেটে অস্ত্রোপচারের সময় দুর্ঘটনার কারণেও ফিস্টুলা হচ্ছে।
আলোচনায় সাংসদ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (মাতৃ ও শিশুস্বাস্থ্য) উপদেষ্টা মো. হাবিবে মিল্লাত ফিস্টুলা-সংক্রান্ত তথ্য-উপাত্ত থাকার বিষয়টিতে গুরুত্ব দেন। জনপ্রতিনিধিরা একসঙ্গে অনেক মানুষের কাছে তথ্য পৌঁছাতে পারেন বলে উল্লেখ করে তিনি ফিস্টুলাসহ যেকোনো সমস্যা সমাধানে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার বিষয়টিতে গুরুত্ব দেন।
পাবলিক হেলথ কেয়ারের পরিচালক হাবিব আব্দুল্লাহ সোহেল বলেন, ফিস্টুলাকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে হলে সব মায়ের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। তিনি জানান, প্রতিটি জেলা হাসপাতালে ফিস্টুলা কর্নার চালু করা হবে। এখানে রোগীরা স্ক্রিনিং, প্রাথমিক সেবা এবং তারপর কোথায় যেতে হবে, অর্থাৎ রেফারেল সেবা পাবেন।
ফিস্টুলা বিশেষজ্ঞ এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অব অবস্ট্রেটিক ফিস্টুলা সার্জনের এশিয়ার প্রতিনিধি অধ্যাপক সায়েবা আখ্তার যে ফিস্টুলা রোগীরা ভালো হওয়ার আশা নিয়ে দু-তিনবার ধৈর্য ধরে অস্ত্রোপচার করাতে আসছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এখন পর্যন্ত আন্তর্জাতিক এজেন্সিগুলো ফিস্টুলার ক্ষেত্রে এশিয়ার চেয়ে আফ্রিকাকে বেশি গুরুত্ব দিচ্ছে।
সায়েবা আখ্তারের মতে, শুধু ফিস্টুলা সেন্টার না খুলে তা কীভাবে টেকসই হবে, সেটা নিয়ে চিন্তা করতে হবে। আর কমিউনিটির লোকজনকে সজাগ করা না গেলে ফিস্টুলা মায়েদের খুঁজে পাওয়া যাবে না।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (মা ও শিশু) মোহাম্মদ শরীফ চিকিৎসক, মিডওয়াইফসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ছয় মাসের যে প্রশিক্ষণ দিয়ে মাঠে নামিয়ে দেওয়া হচ্ছে, তা সঠিক নয় বলে উল্লেখ করেন। তাঁর মতে, এ প্রশিক্ষণের মেয়াদ কমপক্ষে এক বছর হওয়া প্রয়োজন।
পেশাজীবীদের সংগঠন অবসটিট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) মহাসচিব অধ্যাপক ফারহানা দেওয়ান বলেন, পার্টোগ্রাফের মাধ্যমে বিলম্বিত প্রসব মনিটরিং করা হচ্ছে। এতে সময়মতো মাকে হাসপাতালে পাঠানো সম্ভব হচ্ছে। এ ছাড়া সরকারের সঙ্গে চিকিৎসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সংগঠনের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাঁর মতে, ফিস্টুলা চিকিৎসার পাশাপাশি প্রতিরোধের দিকেও নজর বাড়াতে হবে।
এনজেন্ডার হেলথ বাংলাদেশের দেশীয় প্রতিনিধি আবু জামিল ফয়সল অস্ত্রোপচারে সন্তান প্রসবের সময় অথবা নারীর তলপেটে অস্ত্রোপচারের সময় দুর্ঘটনার কারণেও যে ফিস্টুলা হচ্ছে তার পরিমাণ বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, বর্তমানে ২৮ শতাংশ ফিস্টুলাই হচ্ছে এ ধরনের কারণে। তাঁর মতে, গত ১০ বছরে প্রায় ৩০০ চিকিৎসককে ফিস্টুলা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে ফিস্টুলা চিকিৎসার ব্যবস্থাপনার অভাবে তাঁদের অধিকাংশই এখন অন্য কাজে ব্যস্ত। তাই এ বিষয়ে নজরদারি বাড়াতে হবে।
সেবা পরিদপ্তরের পরিচালক নিলুফার ফরহাদ বলেন, মিডওয়াইফ বা দক্ষ ধাত্রীদের জন্য তিন হাজার পদ যথেষ্ট নয়। দেশে প্রায় ২০ থেকে ২২ হাজার মিডওয়াইফ প্রয়োজন। বর্তমানে ৬০০ জন মিডওয়াইফ কর্মক্ষেত্রে আছেন। জুনের মধ্যে আরও ৬০০ জনের পদায়ন হবে। গর্ভে সন্তান আসার পর থেকে চারবার প্রসবপূর্ব সেবা নিলে এবং মাকে নিয়মিত কাউন্সেলিং করলে ফিস্টুলা প্রতিরোধ সম্ভব।
সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের অধ্যাপক শামসুন নাহার সাত মাস ধরে সেখানে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, এই সময়ে ৫৮ জন ফিস্টুলা রোগীর অস্ত্রোপচার হয়েছে। সফলতার হার ৭২ শতাংশ। যাঁদের একবারে ভালো হয়নি, তাঁদের আবার অস্ত্রোপচার করা হবে।
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) স্বাস্থ্য বিশেষজ্ঞ রিয়াদ মাহমুদ ফিস্টুলা প্রতিরোধে ম্যাপিং বা কোন এলাকায় ফিস্টুলা বেশি, সারা দেশে কয়টা সেন্টার দরকার, সেই পরিকল্পনা ভালোভাবে করার সুপারিশ করেন।
বাংলাদেশ উইমেন্স হেলথ কোয়ালিশনের নির্বাহী পরিচালক শরীফ মোস্তফা হেলাল জানালেন, তাঁর সংগঠন চিকিৎসার পাশাপাশি ফিস্টুলা রোগীদের পুনর্বাসনের বিষয়টি দেখছে, যাতে তাঁরা স্বাধীনভাবে সমাজে বাস করতে পারেন।