দেশে ৬০ থেকে ৭০ লাখ শিশু ও প্রাপ্তবয়স্ক মানুষ বাক-সমস্যায় ভুগছে। এরা স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। অনেকের খাবার খেতেও সমস্যা হয়। এসব প্রতিবন্ধীর সমস্যা দূর করতে বা কমাতে বাক-চিকিৎসা (স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি) একটি কার্যকর বিজ্ঞানসম্মত পন্থা। চিকিৎসা নিলে মানুষ স্বাভাবিকভাবে কথা বলতে পারে।গত শনিবার মিরপুরে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন প্রতিষ্ঠানে (সিআরপি) আয়োজিত ‘দেশে বাক-চিকিৎসার উন্নয়ন’ শীর্ষক পরামর্শ সভায় আলোচকেরা এ মন্তব্য করেন। সিআরপির শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউটে ২০০৪ সালে বাক-চিকিৎসা বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি চালু করে। অনুষ্ঠানের আয়োজকেরা জানান, বাংলাদেশে একমাত্র ওই প্রতিষ্ঠানে এ বিষয়ে পাঠ্যসূচি রয়েছে। কর্মশালায় শিক্ষানবিশ শিক্ষার্থীদের সমন্বয়ক ইসরাত সুলতানা বলেন, সেরেব্রাল পালসি, অটিজম, শ্রবণপ্রতিবন্ধী, ঠোঁট ও তালু কাটা শিশুদের বাক-সমস্যায় ভুগতে হয়। বয়স্ক ব্যক্তিরা মস্তিষ্কের রক্তক্ষরণ বা রক্তশূন্যতা (স্ট্রোক), মাথায় আঘাত (হেড ইনজুরি), মানসিক সমস্যা (সিজোফ্রেনিয়া বা ডিপ্রেশন), মেনিনজাইটিস—এসব কারণে বাক্প্রতিবন্ধী হয়ে পড়ে। সমস্যায় আক্রান্ত রোগী ঠিকভাবে কথা বলতে পারে না, খাবার খেতেও সমস্যার মুখোমুখি হয়। সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ভ্যালেরি টেলর বলেন, মানুষকে এ সমস্যার কথা জানাতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মুশতাক হাসান মো. ইফতেখার বলেন, বাক্প্রতিবন্ধিতা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ কারণে বাক-চিকিৎসাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।ট্রাস্ট ফর দ্য রিহ্যাবিলিটিয়েশন অব দ্য প্যারালাইসডের (টিআরপি) সভাপতি সাঈদুর রহমান কর্মশালায় সভাপতিত্ব করেন।