চিকিৎসায় বেশির ভাগ শিশুর ক্যানসার ভালো হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ক্যানসারে আক্রান্ত ৫০০ শিশু ভর্তি হয়। টাকার অভাবে অনেকে শিশুর চিকিৎসা করান না। অনেকের ধারণা ক্যানসার হলে বাঁচার সম্ভাবনা নেই, তাই চিকিৎসা করাতে চান না। তবে চিকিৎসা করালে বেশির ভাগ শিশুর ক্যানসার ভালো হয়।

আজ সোমবার বিশ্ব শিশু ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেমাটলজি অ্যান্ড অনকোলোজি বিভাগ জাতীয় প্রেসক্লাবে ওই আলোচনার আয়োজন করে।
শিশুরোগ বিশেষজ্ঞ, জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, এক সময় বলা হতো ‘ক্যানসার হ্যাজ নো অ্যানসার’। কিন্তু এখন ক্যানসার নিরাময়যোগ্য। যথাযথ চিকিৎসা হলে দেশেই ৭০ শতাংশ রোগী ভালো হয়। এখন শিশুদের ক্যানসারের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন ২২জন। সম্ভাবনার পাশাপাশি কিছু সংকটের কথাও তুলে ধরেন এম আর খান। তিনি বলেন, সারা দেশে ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য বেড আছে মাত্র ৯০টি। ওষুধের দুষ্প্রাপ্যতা আছে। এ চিকিৎসার খরচও তুলনামূলক বেশি। তিনি হাসপাতালগুলোতে বেড সংখ্যা আরও বাড়ানো, পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা করা, ন্যায্য দামে যাতে মানুষ ওষুধ পায় সে ব্যবস্থা করা এবং দরিদ্র রোগীদের সাহায্যার্থে একটি ট্রাস্ট ফান্ড গঠন করার পরামর্শ দেন।
বিএসএমএমইউর চিকিৎসক আফিকুল ইসলাম বলেন, প্রতি বছর শুধু বিএসএমএমইউতে ৫০০ রোগী ভর্তি হয়। ২০ শতাংশ রোগী চিকিৎসা না নিয়ে আউটডোর থেকে চলে যায়। সাত শতাংশ মনে করেন ক্যানসার হলে বাঁচবে না, যে কারণে তারা আউটডোর থেকে চলে যায়। আবার টাকার অভাবে চিকিৎসা করায় না ৩০ শতাংশ রোগী। আর যারা চিকিৎসা নেয় তাদের ১৪ শতাংশ মনে করে বাচ্চা কেমোথেরাপি সহ্য করতে পারবে না। ১৩ শতাংশ রোগী চিকিৎসা শেষ না করে চলে যায় আর সাত শতাংশ রোগী মারা যায়।
ক্যানসারে আক্রান্ত বাচ্চার বিএসএমএমইউতে চিকিৎসার পর সুস্থ হয়েছে এমন দুজন অভিভাবকও তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। এমন একজন মোস্তাক আহমদ বলেন, তাঁর দুই মেয়ে লিউকোমিয়া আক্রান্ত ছিল। বিএসএমএমইউতে চিকিৎসার পর তারা দুজনই এখন সুস্থ। তাঁর বাচ্চাদের চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে ওষুধ নিয়ে। ওষুধের অপর্যাপ্ততার কারণে সাত শ টাকার ওষুধ তিন হাজার টাকায়ও কিনতে হয়েছে। দেশি ওষুধ কিনলে দেখা যেত নানা উপসর্গ দেখা দেয়। তিনি দেশি ওষুধগুলো বিদেশি মানের করা বা বিদেশি ওষুধ পর্যাপ্ত করার দাবি জানান।
অন্যদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউর উপাচার্য কামরুল হাসান খান।