চিকিৎসায় সেরে উঠছেন সেই বৃদ্ধ

নোংরা জায়গায় কয়েক দিন পড়ে ছিলেন নবতিপর এক অসুস্থ বৃদ্ধ। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এ নিয়ে একটি ছবি পোস্ট করা হয়। সাধারণ মানুষ এ বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেন। গত শুক্রবার জেলা প্রশাসনের হস্তক্ষেপে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এই বৃদ্ধকে।
জানা গেছে, জেনারেল হাসপাতালের অভ্যন্তরের নোংরা জায়গায় কয়েক দিন ধরে পড়ে ছিলেন ওই বৃদ্ধ। এরপর গত ২৮ জুলাই ‘ডাস্টবিনের ময়লা খাবার খেয়ে বেঁচে আছেন বৃদ্ধ’ শিরোনাম দিয়ে ফেসবুকে বৃদ্ধের ছবি পোস্ট করা হয়। সেই থেকে তোলপাড় শুরু হয়। ঘটনাটি সাধারণ মানুষের বিবেককে নাড়া দিলেও বৃদ্ধের পরিবারের কোনো স্বজন এখনো হাসপাতালে যোগাযোগ করেননি।
গতকাল রোববার বেলা তিনটায় হাসপাতালে গিয়ে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান টাকাসহ বৃদ্ধের জন্য প্রয়োজনীয় বস্ত্র হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তুলে দেন। এর আগে নোংরা জায়গায় বৃদ্ধের পড়ে থাকার ছবি ফেসবুকে পোস্ট হলে তোলপাড়ের সৃষ্টি হয়। শুক্রবার রাতে বৃদ্ধকে জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশীদ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এস এম সাখাওয়াত হোসেন বলেন, অসুস্থ বৃদ্ধ আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। এখন তিনি নিজের নাম-পরিচয় বলতে পারছেন। তাঁর নাম বারেক মিয়া। বাড়ি টঙ্গিবাড়ী উপজেলার বাহেরপাড়া এলাকায়। সাখাওয়াত হোসেন বলেন, ইতিমধ্যে এনজিওসহ বিভিন্ন ব্যক্তি হাসপাতালে এসে বৃদ্ধকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।