চিকিৎসক না হয়েও চিকিৎসা দেওয়ায় অর্থদণ্ড

চট্টগ্রামে আতুরার ডিপো এলাকার মেরাজ ফার্মেসির মালিক মো. ইসলাম চিকিৎসক না হয়েও চিকিৎসক পরিচয়ে রোগী দেখে আসছিলেন। এ জন্য ভ্রাম্যমাণ আদালত তাঁকে আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করেছেন। ভবিষ্যতে এমনটি আর করবেন না এ বলেও মুচলেকা দিয়েছেন ওই ভুয়া চিকিৎসক।
এ ছাড়া লাইসেন্স না থাকা, বিক্রয়নিষিদ্ধ সরকারি ওষুধ ও অনুমোদনহীন ভারতীয় ওষুধ বিক্রির দায়ে নগরের বায়েজিদ থানাধীন কুঞ্জ ছায়া আবাসিক এলাকা ও আতুরার ডিপো এলাকায় ওষুধের ছয়টি দোকানের মালিককে জরিমানা করা হয়েছে।
আজ বুধবার জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন যৌথভাবে এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহবুব এ সময় সঙ্গে ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, আইন অনুযায়ী ন্যূনতম এমবিবিএস ডিগ্রি না থাকলে কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। অথচ মো. ইসলাম কোনো ডিগ্রি ছাড়াই নিজেকে অভিজ্ঞ চিকিৎসক হিসেবে জাহির করে এলাকায় রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। সে কারণে তাঁকে জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, লাইসেন্স ছাড়া ব্যবসা করায় কুঞ্জ ছায়া আবাসিক এলাকার কামাল ফার্মেসির মালিক মেজবাউদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ফার্মেসি থেকে বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়েছে। লাইসেন্স নবায়ন না করায় একই এলাকার প্রমি ড্রাগ হাউসের মালিক ঝন্টু দে-কে পাঁচ হাজার, মোহাম্মদিয়া মেডিকেল হলের মালিক মো. বাহারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিক্রয়নিষিদ্ধ সরকারি ওষুধ, অনুমোদনহীন ভারতীয় ওষুধ, ফুড সাপ্লিমেন্ট বিক্রির দায়ে আতুরার ডিপো এলাকার এস বি ফার্মেসিকে ২০ হাজার, হক ফার্মেসিকে ১০ হাজার টাকা ও জননী মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।