চিকিৎসক নির্যাতন: শেরপুরে প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে একজন চিকিৎসককে বিবস্ত্র করে ভিডিওচিত্র ধারণ ও চাঁদাবাজির অভিযোগে করা মামলার এক নম্বর আসামি শেরপুর উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি জাকির হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় শহরের বণিকপাড়া মোড়ে থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, গ্রেপ্তারের পর জাকিরের দেওয়া তথ্যমতে তাঁর বাড়ির ছাদের ওপরে একটি কাগজের কার্টনের মধ্যে প্লাস্টিক দিয়ে মোড়ানো ১০টি ককটেল ও দুইটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির স্বীকার করেছেন স্থানীয়ভাবে নাশকতার উদ্দেশ্যেই এসব অস্ত্র সংগ্রহ করেন কিনি। তাঁর বিরুদ্ধে আজ সকালে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
চিকিৎসককে নির্যাতন মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বলেন, আজ রোববার জাকিরকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। এর আগেই গ্রেপ্তার তাঁর স্ত্রী মিনা বেগমের (২৮) কাছ থেকে মামলার বাদীর চেকের পাতা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আসামিদের নিকট আত্মীয় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, সভাপতির কর্মকাণ্ডের ঘটনা তিনি জেলা কমিটিকে জানিয়েছেন। জেলা সংগঠন ইতিমধ্যে জাকিরকে বহিষ্কার করেছে।
জাকির হোসেন তাঁর সহযোগীদের নিয়ে গত সোমবার (১৪ মার্চ) রাতে উপজেলার বাগড়া এলাকায় একটি চাতালের গুদামঘরে ওই চিকিৎসককে আটকে মারধর করে ও বিবস্ত্র করে। পরে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দেওয়া ও প্রাণনাশের ভয় দেখিয়ে নগদ ৫০ হাজার টাকা ও সাড়ে চার লাখ টাকার একটি চেকের পাতা আদায় করে। পরে ওই চিকিৎ​সক মামলা করেন।

আরও পড়ুন