চিকিৎসক নিহতের প্রতিবাদ
রাজধানীর কলাবাগানে সড়ক দুর্ঘটনায় তৃষ্ণা রানী মোদি নামের একজন চিকিৎসক নিহত হওয়ার প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছেন তাঁর বিক্ষুব্ধ সহপাঠী ও কলেজটির শিক্ষার্থীরা। তৃষ্ণা রানী মোদি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রী।
গতকাল দুপুর ১২টার দিকে তৃষ্ণা রানীর সহপাঠী ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে মানববন্ধন করেন। একপর্যায়ে তাঁরা কলেজের সামনে মিরপুর সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেলা একটা পর্যন্ত এ অবস্থা চলে। শেরেবাংলা নগর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস বলেন, বুঝিয়ে অবরোধকারীদের সরিয়ে দিলে বেলা একটার পর যান চলাচল স্বাভাবিক হয়। গত মঙ্গলবার সকালে কলাবাগান বাসস্ট্যান্ডের কাছে মিরপুর লিংক নামের একটি বাস তৃষ্ণা রানী মোদিকে ধাক্কা দেয়। স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তিনি মারা যান। পুলিশ চালকসহ বাসটি আটক করেছে। তৃষ্ণা রানী মোদি সম্প্রতি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে ইন্টার্নি শেষ করেছেন। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।