চিকুনগুনিয়া মহামারি রোগ না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চিকুনগুনিয়া কোনো মহামারি রোগ না। চিকুনগুনিয়া মহামারি আকারে দেখা দেয়নি। তবে রোগটি বেশ ছড়িয়েছে। আজ সোমবার দুপুরে জনসংখ্যা দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, এটা মারাত্মক কোনো রোগ না। এটা মশার মাধ্যমে ছড়ায়। মশা মারার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়। এই দায়িত্ব মিউনিসিপালিটি কর্তৃপক্ষের। তবে তাদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। তিনি মশার কামড় থেকে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য উপস্থিত সাংবাদিক ও নাগরিকদের প্রতি আহ্বান জানান।
আগামীকাল বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকার কী করছে, সে বিষয়ে জাহিদ মালেক বক্তব্য দেন। এরপর একজন সাংবাদিক প্রশ্ন করেন, চিকুনগুনিয়া মহামারি আকারে দেখা দিয়েছে কি না। উত্তরে প্রতিমন্ত্রী বলেন, চিকুনগুনিয়া মহামারি আকারে দেখা দেয়নি। এটা কোনো মহামারি রোগ নয়। এরপর অপর একজন সাংবাদিক প্রশ্ন করেন, কতখানি হলে মহামারি হয়। প্রতিমন্ত্রী অবশ্য তার কোনো উত্তর দেননি।