চিকুনগুনিয়া কমছে, এখন ঝুঁকি ডেঙ্গুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তারা দাবি করেছেন, রাজধানীতে চিকুনগুনিয়ার প্রকোপ কিছুটা কমেছে। তবে তাদের আশঙ্কা, বর্ষা মৌসুম শুরু হওয়ায় ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। দুটি রোগেরই জীবাণু ছড়ায় এডিস মশা।

গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক এ কথা বলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, চিকুনগুনিয়া বিষয়ে সরকার সচেতন ও সতর্ক। ইতিমধ্যে মানুষকে সচেতন করার নানা উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই ও আগস্ট মাসে জনসচেতনতা বাড়াতে দুটি বড় কর্মসূচির আয়োজন করা হবে। তিনি বলেন, জঙ্গির মতো মশা দমনও সম্ভব হবে।

দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, চিকুনগুনিয়া সম্পর্কে কোনো ধারণা না থাকায় সিটি করপোরেশনের প্রস্তুতি ছিল না। তিনি বলেন, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে অনুমান করা যায়, চিকুনগুনিয়ার প্রকোপ কমে আসছে। আশা করা যায়, আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, পরিত্যক্ত কৌটা, ড্রাম, পাত্র, বাসার টবে জমা পানিতে এই মশা বংশবিস্তার করে। সে জন্য বাসায় বা বাসার আশপাশে যেন পানি না জমে, সে ব্যাপারে ব্যক্তি ও পরিবারকে ভূমিকা রাখতে হবে।

শুরুতে পরিস্থিতি বর্ণনা করার সময় সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর অধ্যাপক সানিয়া তাহমিনা বলেন, জরিপে দেখা গেছে, পুরো ঢাকা শহর এডিস মশার জন্য ঝুঁকিপূর্ণ।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা বলেন, চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব জানার জন্য মুঠোফোনভিত্তিক জরিপ করছে আইইডিসিআর। ৪ হাজার ৭৭৫ জন সম্ভাব্য রোগীর তথ্য নিয়ে ৩৫৭ জনের চিকুনগুনিয়া নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ঢাকায় চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব কমার আভাস পাওয়া গেছে।