চিকুনগুনিয়া নিয়ে রাজনীতি করবেন না: সাঈদ খোকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মশা নিধনে ওষুধ ছিটানোর কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। ছবিটি ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকা থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
মশা নিধনে ওষুধ ছিটানোর কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। ছবিটি ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকা থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

চিকুনগুনিয়া নিয়ে রাজনীতি না করতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, চিকুনগুনিয়া প্রতিরোধে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ডিএসসিসি। এরই অংশ হিসেবে ডিএসসিসির তিনটি হাসপাতালসহ ২৮টি স্বাস্থ্য কেন্দ্রে এই জ্বরে আক্রান্তদের বিনা মূল্যে স্বাস্থ্য সেবা পরামর্শ ও ওষুধ দেওয়া হবে।

আজ রোববার বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডিএসসিসির অঞ্চল-১ এর সাতটি ওয়ার্ডে একযোগে ফগিং কার্যক্রম ‘মিশন ধানমন্ডি’ উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়।

মেয়র বলেন, তবে চিকুনগুনিয়া থেকে রক্ষায় নাগরিকদের ঘরের ফ্রিজ, এসি, ফুলের টব, চৌবাচ্চা, পরিত্যক্ত ক্যান, ডাবের খোসা, গাড়ির টায়ার, ভাঙা মাটির পাতিল, ছাদ বাগান, গাছের কোটর জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। এই পানি থেকেই মশা জন্মায়। তিনি বলেন, চিকুনগুনিয়া প্রতিরোধে সর্বাত্মকভাবে মাঠে নেমেছে সিটি করপোরেশন। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ঢাকা শহরে তা নিয়ন্ত্রণে আসবে। তাই এই জ্বর নিয়ে কেউ রাজনীতি করবেন না।

মেয়র বলেন, এখন থেকে প্রতি ওয়ার্ডে ৪০ জন করে মশক নিধন কর্মী মশা নিধনে কাজ করবেন। নগরীর প্রতিটি অলি-গলিতে এই কার্যক্রম চালবে। আগামী ১৮ জুলাই প্রতিটি ওয়ার্ডে সব ধরনের নাগরিকদের নিয়ে সচেতনতা মূলক সমাবেশ সংঘটিত হবে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা উপস্থিত ছিলেন।

সাতটি ওয়ার্ডে লার্ভিসাইডিং ও ফগিং


উদ্বোধনী অনুষ্ঠানের পর ডিএসসিসির মশক নিধনে নিয়োজিত ৩০৩ জন স্প্রে ম্যান, ২৭১ টি ফগার মেশিন এবং ১৪৮টি হস্তচালিত মেশিনের মাধ্যমে অঞ্চল-১ এর আওতাধীন ৭টি ওয়ার্ডের প্রতিটি অলি-গলিতে ব্যাপকভাবে লার্ভিসাইডিং এবং ফগিং করা হয়।

এর মধ্যে ১৫ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি আ/এ, ধানমন্ডি রোড, স্টাফ কোয়ার্টার, পূর্ব রায়ের বাজার, ঈদগাহ রোড, শেরেবাংলা রোড ও মিতালি রোড, হাজি আফসারুদ্দীন রোড ও হাতেমবাগ।

১৬ নম্বর ওয়ার্ডের ফ্রি স্কুল স্ট্রিট, কাঁঠালবাগান, নর্থ রোড, সার্কুলার রোড, গ্রিন কর্নার, গ্রিন স্কয়ার (গ্রিন রোড), গ্রিন রোড পূর্ব, ওয়েস্ট অ্যান্ড স্ট্রিট (ওয়েস্ট স্ট্রিট), আল আমিন রোড, নর্থ সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট (হাতিরপুল) ও ক্রিসেন্ট রোড।

১৭ নম্বর ওয়ার্ডের লেক সার্কাস, উত্তর ধানমন্ডি ও আবেদ ঢালি রোড, বশির উদ্দিন রোড, কলাবাগান, গ্রিন রোড পশ্চিম, গ্রিন রোড স্টাফ কোয়ার্টার, তল্লাবাগ, শুক্রাবাদ ও সোবহানবাগ।

১৮ নম্বর ওয়ার্ডের নীলক্ষেত বাবুপুরা, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, আইয়ুব আলী কলোনি রহিম স্কয়ার, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, সেন্ট্রাল রোড, সায়েন্স ল্যাবরেটরি স্টাফ কোয়ার্টার, এলিফ্যান্ট রোড, মিরপুর রোড, নিউ এলিফ্যান্ট রোড ও বিডিআর পিলখানা।

করপোরেশনের কর্মীদের ওষুধ ছিটানোর মেশিন দেওয়া হয়। ছবিটি ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকা থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
করপোরেশনের কর্মীদের ওষুধ ছিটানোর মেশিন দেওয়া হয়। ছবিটি ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকা থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৯ নম্বর ওয়ার্ডের মিন্টু রোড, কাকরাইল, সার্কিট হাউস রোড, সিদ্ধেশ্বরী রোড ও লেন, মগবাজার এলিফ্যান্ট রোড, মগবাজার ইস্পাহানি কলোনি, নিউ ইস্কাটন রোড, ইস্কাটন গার্ডেন রোড, আমিনাবাদ কলোনি ও ইস্টার্ন হাউজিং অ্যাপার্টমেন্ট, বেইলি স্কয়ার ও বেইলি রোড, কাকরাইল, ডিআইটি কলোনি ও পশ্চিম মালিবাগ।

২০ নম্বর ওয়ার্ডের সেগুন বাগিচা, তোপখানা রোড, বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও রেস্ট হাউস, টি, বি ক্লিনিক এলাকা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ও আ/এ, হাইকোর্ট স্টাফ কোয়ার্টার ও সোহরাওয়ার্দী উদ্যান, ফুলবাড়িয়া স্টেশন পূর্ব এলাকা, পশ্চিম ফুলবাড়িয়া, আবদুল গণি রোড এবং সচিবালয় স্টাফ কোয়ার্টার, পশ্চিম পুরোনো রেলওয়ে কলোনি, রেলওয়ে হাসপাতাল এলাকা, ইস্টার্ন হাউজিং ও টয়েনবি সার্কুলার রোড।

২১ নম্বর ওয়ার্ডের ঢাকা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ লেন, ময়মনসিংহ রোড, জাতীয় জাতীয় জাদুঘর অফিসার্স কোয়ার্টার, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, পরিবাগ ও শাহ সাহেব রোড।