চিকুনগুনিয়া প্রতিরোধে রাজশাহীতে সচেতনতামূলক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকুনগুনিয়া প্রতিরোধে সমাজের বিভিন্ন শ্রেণির প্রতিনিধিদের নিয়ে জনসচেতনতামূলক সভা করেছে রাজশাহী সিটি করপোরেশন। গতকাল সোমবার সকালে নগর ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) মো. আবদুস সোবহান।

সভায় বক্তারা বলেন, দেশের অন্য মহানগরের মতো রাজশাহীতে এখনো চিকুনগুনিয়ায় আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। বসতবাড়ির টব, গাড়ির অব্যবহৃত টায়ার, ডাবের খোলস, এসির ট্রেতে জমে থাকা পানিতে এ রোগের জীবাণুবাহী মশা বিস্তার লাভ করে। এ জন্য এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে। বসতবাড়ির আশপাশে মশার বিস্তার রোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে হবে। চিকুনগুনিয়া সম্পর্কে আতঙ্কিত না হয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান বক্তারা।

রাজশাহী সিটি করপোরেশনের সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিভিল সার্জন সঞ্জিত কুমার সাহা, সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আকতার জাহান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। স্বাগত বক্তব্য দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ এ এম আঞ্জুমান আরা। চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয় বিষয়ে সার্বিক চিত্র উপস্থাপন করেন বিশ্বস্বাস্থ্য সংস্থা রাজশাহীর বিভাগীয় সমন্বয়কারী মো. কামরুজ্জামান। সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ, পরিচ্ছন্ন বিভাগ ও মশক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।