চিকুনগুনিয়া প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রশ্ন করছে এক শিক্ষার্থী l ছবি: প্রথম আলো
সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রশ্ন করছে এক শিক্ষার্থী l ছবি: প্রথম আলো

চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সচেতনতামূলক এ মতবিনিময়ে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

পাঁচটি অঞ্চলের এসব শিক্ষাপ্রতিষ্ঠান হলো মহানগর মহিলা কলেজ, নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিদ্ধেশ্বরী গার্লস স্কুল, মানিকনগর মডেল হাইস্কুল ও দনিয়ার এ কে হাইস্কুল।

এসব শিক্ষাপ্রতিষ্ঠানের সভায় উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে প্রজেক্টরের সাহায্যে চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বর কী, এই জ্বর প্রতিরোধে করণীয়, জ্বরের লক্ষণসমূহ এবং চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বরের ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন এবং সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়। সভায় প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানেরা, শিক্ষক ও ছাত্রছাত্রীরা এবং প্রতিটি অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

মহানগর মহিলা কলেজে দুই ভাগে সচেতনতামূলক সভা হয়। বেলা ১১টায় শুরু হওয়া সচেতনতা সভায় উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা এবং দুপুর সাড়ে ১২টায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভায় ঢাকা দক্ষিণের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল ছাত্রীদের উদ্দেশে বলেন, চিকুনগুনিয়া প্রতিরোধে নিজেদের সচেতনতা বাড়াতে হবে। নিজ নিজ বাড়িঘর ও আঙিনা পরিষ্কার রাখতে হবে। বাড়ির আশপাশে, কোনো জায়গায় বা জিনিসে তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না।

মোহাম্মদ বিলাল বলেন, এ রোগে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে রোগীকে প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়াতে হবে। বিশেষ কোনো জটিলতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তিনি শিক্ষার্থীদের এ সময় বিশেষ করে দিনের বেলায় ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দেন।

প্রধান নির্বাহী উপস্থিত ছাত্রীদের ‘আলোচনা সভা থেকে তারা কী শিখল?’ এ নিয়ে প্রতিবেদন তৈরি করে অধ্যক্ষের কাছে জমা দিতে বলেন। সেখান থেকে কয়েকটি ভালো প্রতিবেদন বাছাই করে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেন তিনি। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই ভাবে পুরস্কার প্রদানের কথা ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৪–এর নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান, মহানগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফসানা হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৪–এর নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, চিকুনগুনিয়া ও ডেঙ্গু নিয়ন্ত্রণের মধ্যে না আসা পর্যন্ত করপোরেশনের এই কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি মশা নিধনও করা হবে। 

আজ রোববার সকাল ১০টায় আজিমপুর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, দুপুর ১২টায় গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল এবং ১টায় আরামবাগ স্কুলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।