চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক ছুটি বাতিল
চিকুনগুনিয়া প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
আজ সোমবার বিকেলে এই ছুটি বাতিলের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।
নগরীর মশক নিধনের দায়িত্ব বা কাজ ডিএসসিসির স্বাস্থ্য বিভাগের। এ জন্য সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হলো কেন? তারা কীভাবে মশক নিধন করবেন—এমন প্রশ্নের জবাবে উত্তম কুমার রায় মেয়র সাঈদ খোকনের উদ্ধৃতি দিয়ে বলেন, মশক নিধনের সঙ্গে শুধু স্বাস্থ্য বিভাগই সম্পৃক্ত নয়। অন্যান্য বিভাগেরও এর সঙ্গে সংশ্লিষ্টতা আছে। আর শুধু স্বাস্থ্য বিভাগ চালু থাকলে, এই বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মন খারাপ করতে পারেন। তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন মেয়র। এ ছাড়া স্বাস্থ্য বিভাগের সঙ্গে যেসব বিভাগের সংশ্লিষ্টতা নেই, তারা স্বাভাবিক দিনের মতো কাজ করবে।