চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের চিকুনগুনিয়া প্রতিরোধে দুই মাসব্যাপী ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করেছে। গতকাল সোমবার বিকেলে নগরের জামালখান ওয়ার্ডের আসকার দীঘির দক্ষিণপাড় এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় তিনি নির্মাণাধীন ভবনের নিচতলায় জমে থাকা পানিতে ওষুধ ছিটান।
উদ্বোধন অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম নগরে এখনো পর্যন্ত কেউ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়নি। তবে কেউ যাতে আক্রান্ত না হয় এ জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে আগাম কিছু পদক্ষেপ ও পরিকল্পনা নেওয়া হয়েছে। জুলাই ও আগস্ট মাসে এসব কাজ বাস্তবায়ন করা হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন সাধারণত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত মশক নিধন কর্মসূচি বাস্তবায়ন করে বলে অনুষ্ঠানে জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি প্রথম আলোকে বলেন, ঢাকায় চিকুনগুনিয়ার প্রকোপ দেখা যাওয়ায় এবার জুলাই ও আগস্টে মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম নেওয়া হয়েছে।
নগরের ৪১টি ওয়ার্ডে মশক নিধন কর্মসূচি বাস্তবায়নে প্রায় সাড়ে চার কোটি টাকার ওষুধ কেনা হয়েছে বলে অনুষ্ঠানে জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন। নগরবাসীকে সচেতন করার জন্য প্রচারপত্র ছাপা এবং মাইকিং করা হবে বলে তিনি জানান।
গতকালের মশক নিধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ, কাউন্সিলর হাসান মুরাদ, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী ও পরিচ্ছন্নতা কর্মকর্তা মোরশেদুল আলম প্রমুখ।