চিকুনগুনিয়া বিষয়ে বলুন, সরকারকে নাড়া দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল দুপুরে চমেক মিলনায়তনে  বৈজ্ঞানিক সেমিনারে বক্তব্য দেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক l  প্রথম আলো
গতকাল দুপুরে চমেক মিলনায়তনে বৈজ্ঞানিক সেমিনারে বক্তব্য দেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক l প্রথম আলো

আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ দমনে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ আহ্বান করেন।

 খায়রুল হক বলেন, চিকিৎসকেরা সমাজের বিবেক। তাই তাঁদের উচিত এ বিষয়ে গুরুত্ব দিয়ে সরকারকে অবহিত করা, সরকারকে নাড়িয়ে দেওয়া।

চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ চট্টগ্রাম শাখা ‘সমাজে সার্জন ও রোগীদের সম্পর্ক’ শিরোনামে এই সেমিনারের আয়োজন করে। এতে বিচারপতি এ বি এম খায়রুল হক প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন আইন কমিশনের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবির।

খায়রুল হক চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের চিকুনগুনিয়ার বিষয়ে অনেক গুরুত্ব দিতে হবে। সমাজের বিবেক হিসেবে আপনাদের বিষয়টা তুলে ধরতে হবে। রোগের ভয়াবহতা তুলে ধরতে হবে। মশা নিধনের গুরুত্ব বোঝাতে হবে। সরকারকে নাড়া দেওয়ার চেষ্টা করতে হবে।’

নিজে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন উল্লেখ করে খায়রুল হক বলেন, ‘আমার এক বন্ধুর প্রথমে চিকুনগুনিয়া হয়েছিল। পরে তিনি মারা যান। আমার আরেক বন্ধুর ছোট ভাইও মারা গেছেন।’

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহর উদ্দেশে সাবেক প্রধান বিচারপতি আরও বলেন, ‘জিকা ভাইরাসও মশার কামড়ে হয়। একই কারণে ইয়েলো ফিভার হতে পারে। আফ্রিকায় ২০১৩ সালে এই রোগে ১ লাখ ২৭ হাজার লোক আক্রান্ত হয়েছিল। তাদের মধ্যে ৪০ শতাংশ মারা গিয়েছিল। আমাদের দেশে এটা যদি হয় কীভাবে সামলাবেন। চিকিৎসক হিসেবে আপনাদের দায়িত্ব সেটা বলার।’  

খায়রুল হক আরও বলেন, ‘রোগীরা ঝুঁকি মেনেই চিকিৎসকের কাছে অস্ত্রোপচার করতে রাজি হন। যদি কোনো অঘটন ঘটে সেখানে আদৌ চিকিৎসকের কোনো দোষ ছিল কি ছিল না, সেটা অনেক পরের বিষয়। প্রথমেই কেন আমরা ধরে নেব চিকিৎসকই দোষী? তবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নতুন চিকিৎসকের মতো ভুল কাম্য নয়।’ 

সাবেক বিচারপতি আরও বলেন, ‘আমরা একে অপরের প্রতি সম্মানবোধ দেখাই না। অপরের প্রতি সম্মানবোধ থাকলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। নৈতিক মূল্যবোধ বিষয়ে চিন্তা করার সময় এসেছে।’ 

দেশের স্বাস্থ্যসেবা এগিয়ে নিতে বিএমডিসির অনেক ভূমিকা রয়েছে উল্লেখ করে সাবেক প্রধান বিচারপতি বলেন, ‘বিএমডিসির অনেক ভূমিকা রয়েছে। এসব ক্ষেত্রে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় আইনকানুন তৈরি করতে পারে। আমরা একটা আইনের খসড়া করেছি। ভালো মনে হলে সেটি বিএমডিসি গ্রহণ করবে।’

সানাউল্লা শেলীর সঞ্চালনায় সেমিনারে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিএমডিসির সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি কনক কান্তি বড়ুয়া, নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন, বিএমএ চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ, অধ্যাপক খন্দকার এ কে আজাদ, আইনজীবী মো. ফখরুউদ্দিন ও ইফতেখার সাইমুল চৌধুরী, বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী, সহসভাপতি মনোয়ারুল হক প্রমুখ।

সেমিনারে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর, সোসাইটির সভাপতি এস এম আশরাফ আলী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এস এম মনিরুল হাসান।