স্টেট ইউনিভার্সিটিতে চিকুনগুনিয়াবিষয়ক সেমিনার
চিকুনগুনিয়া রোগীদের ফিজিওথেরাপি দেওয়ার কথা ভাবছেন মেয়র
চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীদের ব্যথা কমাতে ফিজিওথেরাপি সেবা দেওয়ার কথা ভাবছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র।
গতকাল মঙ্গলবার রাজধানীর কলাবাগানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত চিকুনগুনিয়াবিষয়ক এক সেমিনারে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন তাঁর এই ভাবনার কথা জানান।
সেমিনারে মেয়র সাঈদ খোকন বলেন, ‘চিকুনগুনিয়ার চিকিৎসা দিতে গত ২০ মে নগর ভবনে কল সেন্টার চালু করা হয়েছে। এই জ্বরে আক্রান্ত কেউ যোগাযোগ করলে ডিএসসিসির সংশ্লিষ্ট এলাকার নগর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা রোগীর বাড়ি বাড়ি গিয়ে বিনা মূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন। এখন রোগীদের ব্যথা কমাতে ফিজিওথেরাপিস্ট পাঠানোর চিন্তা করছি।’
ল্যাবএইড ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস। তিনি মেয়রের কাছে জানতে চান, ঢাকায় চিকুনগুনিয়ার বর্তমান পরিস্থিতিকে মহামারি বলা যায় কি না?
জবাবে সাঈদ খোকন বলেন, এই পরিস্থিতিকে মহামারি বলা যাবে না। তিনি জানান, গত ২০ মার্চ থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত ডিএসসিসির কল সেন্টারে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩৮ হাজার ১১১টি কল এসেছে। এর মধ্যে ডিএসসিসি এলাকা থেকে এসেছে ৫ হাজার ৪৪৫টি। তাদের মধ্যে ১ হাজার ২০১ জন চিকিৎসাসেবা চেয়েছেন। এর মধ্যে ৫২০ জনকে বাড়িতে গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল বলেন, ‘আমার ছেলে ও গাড়িচালক চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে। আমরা সিটি করপোরেশনকে জানাইনি। তাই সঠিক পরিসংখ্যান ছাড়া চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা নির্ধারণ করা যাবে না।’
সেমিনারে অধ্যাপক খাজা নাজিম উদ্দিন বলেন, চিকুনগুনিয়া আক্রান্ত অনেকে না বুঝে হাসপাতালে ভর্তি হচ্ছেন ও বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট এ এম শামীম বলেন, ‘মশক নিধনের দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়। আমাদেরও দায়িত্ব আছে। আমরা আমাদের চারপাশ পরিষ্কার রাখলে মশা জন্মাবে না।’
আগামী বছর থেকে ঢাকা শহরে চিকুনগুনিয়া থাকবে না বলে আশা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এস এম এ ফায়েজ।