চিকুনগুনিয়া রোধে জনগণকে সচেতন করতে হবে: মেনন
চিকুনগুনিয়া এ অঞ্চলের মানুষের কাছে অপরিচিত রোগ। এর প্রতিরোধে সর্বাত্মক উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
মন্ত্রী বলেন, সরকার বা সিটি করপোরেশনের ওপর নির্ভর না করে জনগণকে সচেতন করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের মাধ্যমে চিকুনগুনিয়া-ডেঙ্গুর প্রতিরোধ করতে হবে।
আজ রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে যুব মৈত্রী আয়োজিত ঢাকা শহরসহ দেশব্যাপী চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সঞ্জীবনী শক্তি নিঃশেষ করে দেয়। শরীরে তীব্র ব্যথাবেদনা সৃষ্টির মাধ্যমে ব্যক্তিকে তার জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেয়। এ রোগ থেকে উপশম দীর্ঘ সময়ের ব্যাপার। তাই এ রোগের প্রতিরোধে সর্বাত্মক উদ্যোগ নিতে হবে।
সংগঠনের সভাপতি সাব্বাহ আলী খানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি তৌহিদুর রহমান প্রমুখ।
উদ্বোধন শেষে ২০ নম্বর ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক ও অঞ্চলে চিকুনগুনিয়া-ডেঙ্গুনাশক ওষুধ ছিটানো হয়। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় এ কর্মসূচি পালিত হবে।