চিকুনগুনিয়া সেবায় ডিএসসিসির তথ্য কেন্দ্র চালু
ঢাকা শহরে এডিস মশাবাহিত চিকুনগুনিয়া জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় জনসচেতনতা বাড়াতে ও মশক নিধন কার্যক্রমে জরুরি তথ্য আদান-প্রদানের সুবিধার্থে নগর ভবনে একটি তথ্য কেন্দ্র চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই কেন্দ্র থেকে চিকুনগুনিয়ার চিকিৎসা পরামর্শও প্রদান করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ডিএসসিসির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই তথ্যকেন্দ্রের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন ডিএসসিসির সচিব শাহাবুদ্দিন। তথ্যকেন্দ্রর ফোন নম্বর ৯৫৬৩৫০৭।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় প্রথম আলোকে জানান, চিকুনগুনিয়া নিয়ে জনসচেতনতা বাড়াতে কাল শুক্রবার জুমার নামাজের সময় ডিএসসিসির পাঁচটি অঞ্চলের প্রায় ৪০০টি মসজিদের খতিব বা ইমামেরা বয়ান রাখবেন। মসজিদের ফটকে এ সংক্রান্ত লিফলেটও বিতরণ করা হবে। এই বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে আরও সচেতনতা বাড়াতে শনিবার বেলা ১১টায় সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল এবং পরদিন রোববার গভঃমেন্ট ল্যাবরেটরি স্কুল, খিলগাঁও হাইস্কুল ও আইডিয়াল হাইস্কুলে মতবিনিময় সভা করা হবে। মঙ্গলবার আজিমপুর গার্লস হাইস্কুল ও অগ্রণী উচ্চ বিদ্যালয়, মহানগর মহিলা কলেজ ও নবাবপুর স্কুল, দনিয়া এ কে হাইস্কুল ও মানিকনগর মডেল হাইস্কুলেও একই সভা হবে। এভাবে ঢাকা শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠানেই এ ধরনের সচেতনতামূলক সভা হবে।