চিকুনগুনিয়ার বাহক মশা নির্মূলে কার্যকর পদক্ষেপ কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযথ ওষুধ ছিটানোর মাধ্যমে চিকুনগুনিয়ার বাহক এডিস ও অন্যান্য মশক নির্মূলে অবিলম্বে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন উচ্চ আদালত। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রোববার এ রুল দেন।

রুলে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশে চিকুনগুনিয়ায় আক্রান্ত এলাকার ডাম্পিং স্পটগুলো (আবর্জনা ফেলার স্থান) পরিষ্কার করতে কেন নির্দেশ দেওয়া হবে না, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সারা দেশে জনসচেতনতা বাড়াতে কেন পদক্ষেপ নেওয়া হবে না এবং আক্রান্ত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিব, স্থানীয় সরকার সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা চেয়ে ৪ জুলাই রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সুজাউদ্দৌলা আকন্দ। আবেদনটি উপস্থাপন করা হলে সেদিন আদালত রিটের প্রার্থনার বিষয়ে বিস্তারিত উল্লেখ করে রিট আবেদনকারীকে সম্পূরক আবেদন দিতে বলেন। এরপর গতকাল সম্পূরক আবেদন দাখিল করা হয়, শুনানি নিয়ে আদালত রুল দেন।

আদালতে রিটের পক্ষে আবেদনকারী মো. সুজাউদ্দৌলা আকন্দই শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। পরে মো. সুজাউদ্দৌলা আকন্দ প্রথম আলোকে বলেন, সংবিধান অনুসারে জনগণের মৌলিক প্রয়োজনের ব্যবস্থা করবে রাষ্ট্র। এর মধ্যে অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসাসহ জীবন ধারণের মৌলিক উপকরণের ব্যবস্থার কথা রয়েছে। অথচ চিকুনগুনিয়া রোগের বিষয়ে বিবাদীদের কার্যকর ভূমিকা দৃশ্যমান না হওয়ায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিটটি করা হলে আদালত ওই রুল দেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ওয়েবসাইটে বলা হয়েছে, ডেঙ্গু ও জিকার মতো চিকুনগুনিয়াও এডিস মশাবাহিত ভাইরাসজনিত রোগ। ১৯৫২ সালে আফ্রিকার দেশ তানজানিয়ার দক্ষিণাঞ্চলে প্রথম এর প্রাদুর্ভাব দেখা দেয়। ‘চিকুনগুনিয়া’ নামটিও এসেছে সেখানকার মাকোন্ডে নৃ-গোষ্ঠীর নিজস্ব ভাষা কিমাকোন্ডে থেকে, যার অর্থ গিঁটের ব্যথায় কুঁকড়ে যাওয়া।