রাজধানীর প্রায় প্রতিটি ঘরের কোনো না কোনো সদস্য চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হয়েছেন। এর প্রকোপ এতই যে বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের মোনাজাতেও ‘এই মহামারি থেকে মুক্তির জন্য’ আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। চিকুনগুনিয়ার বর্তমান অবস্থা, সিটি করপোরেশনের তৎপরতা এবং মশা নিয়ন্ত্রণে কার কী করা উচিত, তা নিয়ে আজকের এই বিশেষ আয়োজন
চিকুনগুনিয়া নিয়ে ভয়ের কিছু নেই—সরকারের স্বাস্থ্য বিভাগ ও চিকিৎসকদের দেওয়া এমন আশ্বাসবাণী আশ্বস্ত করতে পারছে না এই রোগে আক্রান্ত ব্যক্তিদের। এর মধ্যেই মশাবাহিত এই রোগটি ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। আর আক্রান্ত ব্যক্তি ও তাঁদের স্বজনেরা ছুটছেন বিভিন্ন হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে।
গত বুধবার সরকারি-বেসরকারি মিলিয়ে ঢাকার বড় ছয়টি হাসপাতাল ঘুরে এমন চিত্র চোখে পড়েছে। এসব হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, এমনিতে চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার মতো কিছু থাকে না। তারপরও রোগীদের কেউ কেউ, বিশেষ করে বৃদ্ধ ব্যক্তিরা হাসপাতালে থেকেই চিকিৎসা নিতে চান। হাসপাতালে চিকিৎসা নিতে আসা ও ভর্তি হওয়া রোগীর সংখ্যা গত মাসের তুলনায় কমেছে।
ঢাকায় এখন আতঙ্কের নাম মশা আর চিকুনগুনিয়া। এই রোগে কেউ মারা না গেলেও শরীরের বিভিন্ন অঙ্গে যে ব্যথা হয়, সেই যন্ত্রণা ভয়াবহ। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রথম ২০০৮ সালে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে এ ভাইরাসে একাধিকজন আক্রান্ত হন। ২০১১ সালে ঢাকার দোহার উপজেলায় এই রোগ দেখা গেলেও পরে বিচ্ছিন্ন দু-একজন রোগী ছাড়া বড় বিস্তার ছিল না।
গত বুধবার সকালে কথা হয় পান্থপথে শমরিতা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়েজ আহমেদের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘ঈদের আগ পর্যন্ত প্রতিদিন ৫০ থেকে ৬০ জন করে রোগী দেখেছি। এখন রোগীর সংখ্যা কমে এলেও মানুষের আতঙ্ক কাটছে না।’
একই হাসপাতালের আরেক চিকিৎসক সাবিরা হোসেন বলেন, বর্তমানে হাসপাতালের ১০টি ফ্লোরের প্রতিটিতে এক-দুজন করে চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগী ভর্তি আছেন।
ধানমন্ডির বাংলাদেশ মেডিকেলের মেডিসিন ওয়ার্ডে বর্তমানে এই সংখ্যা ২০। ওয়ার্ডের চিকিৎসক তারেক বলেন, শুরুর দিকে ভয়াবহ অবস্থা গেছে। দেখা গেছে, ওয়ার্ডের প্রতি ১০ জনের ৯ জনই চিকুনগুনিয়ায় আক্রান্ত।
এই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলতাফ হোসেন বলেন, ‘এমন দিন গেছে যখন দিনে এক শর ওপরে চিকুনগুনিয়ার রোগী দেখেছি।’
গ্রিনলাইফ হাসপাতালের উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) ডা. আবদুর রহমানের হিসাবে তাঁদের হাসপাতালে মোট ১৬২ জন চিকুনগুনিয়া হয়েছে কি না, তার পরীক্ষার জন্য রক্তের নমুনা দিয়েছিলেন। এর মধ্যে ৬৬ জনের পরীক্ষার ফলে চিকুনগুনিয়া ধরা পড়েছে। এই মুহূর্তে হাসপাতালে এই রোগ নিয়ে ভর্তি আছেন দুজন। তবে জরুরি বিভাগের বাইরে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারেও ভিড় করছেন অনেক রোগী।
সেন্ট্রাল হাসপাতালের উপপরিচালক ডা. মনসুর আলী বলেন, এখন পর্যন্ত তাঁর হাসপাতালে দৈনিক গড়ে দুজন চিকুনগুনিয়ার রোগী ভর্তি থাকেন।
আর বারডেম হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. রফিকুল হাসানের মতে, এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগ বয়স্ক। কারণ হিসেবে তিনি বলেন, চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে হাড়ের জোড়াগুলোতে যে ব্যথা হয় তার তীব্রতা প্রচণ্ড। বয়স্ক ব্যক্তিরা এই ব্যথা সহ্য করতে পারেন না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, সেখানেও চিকুনগুনিয়ার রোগী ভর্তি আছেন।
বারডেমের জরুরি বিভাগে রফিকুল হাসানের সঙ্গে কথোপকথনের মধ্যে কথা বলে উঠলেন পুরান ঢাকার সূত্রাপুরের বাসিন্দা কাজী আজম। তাঁর পরিবারের প্রত্যেকেই চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন জানিয়ে এই রোগ ছড়িয়ে পড়ার কারণ হিসেবে তিনি দুষলেন সিটি করপোরেশনের কার্যক্রমকে। তাঁর মতে, মশক নিয়ন্ত্রণে সিটি করপোরেশন কার্যকর কোনো ভূমিকা না নিতে পারার কারণেই আজকের এই অবস্থা।
চিকিৎসকেরা বলছেন, অনেক পরিবারের একাধিক সদস্য চিকুনগুনিয়ায় আক্রান্ত হলেও তাঁদের সবাই হাসপাতালে আসেন না।
চিকুনগুনিয়া
কীভাবে ছড়ায়
এডিস ইজিপ্টি ও এডিস অ্যালবোপিকটাস মশার মাধ্যমে এ রোগ ছড়ায়
এডিস মশা
কোথায় জন্মায়, কখন কামড়ায়
এই মশা জন্মায় পরিষ্কার পানিতে। সাধারণত বাড়ির ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও টায়ার, ডাবের খোসায় জমে থাকা পানিতে ডিম পাড়ে এরা। এ ছাড়া এসি ও ফ্রিজে
জমে থাকা পানিতেও ডিম
পাড়ে এই মশা
লক্ষণ
হঠাৎ জ্বর, তাপমাত্রা ১০৪ পর্যন্ত হতে পারে
গিঁটে ব্যথা, প্রচণ্ড মাথাব্যথা
মাংসপেশিতে ব্যথা
শরীরে শীত শীত অনুভূতি
বমি ভাব অথবা বমি ও ডায়রিয়া
চামড়ায় লালচে দানা বা র্যা শ
মুখে ঘা, চোখ জ্বালা, অবসাদ, অনিদ্রা
করণীয়
পানি দিয়ে শরীর মুছা
সম্পূর্ণ বিশ্রামে থাকা
প্যারাসিটামল
যথেষ্ট
প্রচুর পানি বা তরল পান করা
ব্যথার জন্য গিঁটের ওপর ঠান্ডা
পানির সেঁক
হালকা ব্যায়াম করা
শনাক্তকরণ
জ্বর-ফুসকুড়ি-গিরা ব্যথা থাকলে এবং রক্তে ডেঙ্গু অ্যান্টিজেন নেগেটিভ থাকলে চিকুনগুনিয়া হয়েছে বলে ধরে নেওয়া হয়। জ্বরের প্রথম সপ্তাহে রক্ত পরীক্ষা করে ও তারপর আইজিএম অ্যান্টিবডি পরীক্ষা করে চিকুনগুনিয়া শনাক্ত করা সম্ভব।
প্রতিরোধে করণীয়
বাড়ির আঙিনা, আশপাশে যেন পানি না জমানো। নিয়মিত পরিষ্কার করা
ডাবের খোল, ফুলের টব, পরিত্যক্ত টায়ার ও এসি-ফ্রিজের পানি না জমা
নির্মাণাধীন ভবনের পানির চৌবাচ্চা নিয়মিত পরিষ্কার রাখা
মশারি ব্যবহার
চিকুনগুনিয়ার অর্থ
১৯৫২ সালে তানজানিয়ার দক্ষিণাঞ্চলে প্রথম এ জ্বরের প্রাদুর্ভাব দেখা দেয়। চিকুনগুনিয়া শব্দটিও এসেছে সেখানকার মাকোন্ডে নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা কিমাকোন্ডে থেকে। এর অর্থ গিঁটের ব্যথায় কুঁকড়ে যাওয়া।