
চট্টগ্রামের সীতাকুণ্ডের দক্ষিণ সোনাইছড়ির জেলেপাড়ায় চিকুনগুনিয়ায় আক্রান্ত আরও ১২ রোগীকে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন চিকিৎসকেরা। গতকাল বৃহস্পতিবার জেলেপাড়ার ৫৫ জনের স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকেরা। রোগের লক্ষণ ও উপসর্গ দেখে তাদের মধ্যে ১২ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের শরীরের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে, পাশাপাশি চিকিৎসা চলছে।
এর আগে গত মঙ্গল ও বুধবার দুই দিনে জেলেপাড়ার ১১০ জনের স্বাস্থ্য পরীক্ষা করে ৯৫ জনই চিকুনগুনিয়ায় আক্রান্ত বলে প্রাথমিকভাবে শনাক্ত করেন চিকিৎসকেরা। সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি গ্রামে পরিবার রয়েছে ২৭৫টি। এ নিয়ে জেলেপাড়ায় মোট ১০৭ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগী শনাক্ত হলো।
চিকিৎসকেরা জানান, চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়লেও এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল সকালে দক্ষিণ সোনাইছড়ি গ্রামে যান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এ এম মজিবুল হক। তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভূঁইয়া।
এই এলাকার ৬৫ পরিবারকে ম্যালেরিয়া প্রতিরোধক ৬৫টি মশারি দেওয়া হয়েছে বলে জানান সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফরিদ আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, এলাকায় আরও মশারি সরবরাহ করা হবে। মশারিগুলো বিতরণ করে সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)।
সংস্থার উপজেলা ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা দুটি জেলেপাড়ায় জরিপের কাজ করছেন। আক্রান্ত সব পরিবারকে পর্যায়ক্রমে মশারি দেওয়া হবে।
এদিকে গতকাল সকালে চিকুনগুনিয়ায় আক্রান্ত জেলেদের শরীরের রক্তসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেন ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল। এই দলের নেতৃত্ব দিচ্ছেন জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী আহমেদ জাকি। এ ছাড়া গতকাল বিকেলে সীতাকুণ্ডে পৌঁছান স্বাস্থ্য অধিদপ্তরের কীটতত্ত্ববিদদের নয় সদস্যের আরেকটি দল। তারা ওই জেলেপাড়ায় কী ধরনের মশার প্রাদুর্ভাব রয়েছে, তা নির্ণয় করবেন বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফরিদ আহমেদ।
এ বিষয়ে চট্টগ্রামের জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ঢাকার আইইডিসিআর থেকে আসা পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছে। তারা কয়েক দিন চট্টগ্রামে অবস্থান করবে। তারা দুটি জেলেপাড়া থেকে ২৫ জন রোগীর রক্তের নমুনা সংগ্রহ করেছে, যারা সাত দিনের বেশি সময় ধরে আক্রান্ত। নমুনাগুলো ঢাকায় পাঠানো হবে। এ ছাড়া ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেসের (বিআইটিআইডি) একটি দলও রোগীদের নমুনা সংগ্রহ করেছে। দুটি পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে রোগটি চিকুনগুনিয়া কি না।
সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী আরও বলেন, ওই জেলেপাড়ার নালাসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে মশা বংশ বিস্তার করছে। মশা নিধন ছাড়া বিকল্প কিছু নেই।
মশা নিধনের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে জেলা প্রশাসককে চিঠি পাঠিয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভুঁইয়া। তিনি বলেন, উপকরণগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে জেলেপাড়াসহ আশপাশের এলাকায় মশা নিধন কার্যক্রম শুরু করা হবে।