চিকুনগুনিয়ায় দুঃখ প্রকাশ, বরাদ্দ কমল মশা মারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজেট বক্তৃতায় মেয়র আনিসুল হক
বাজেট বক্তৃতায় মেয়র আনিসুল হক

রাজধানীতে মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রকোপের জন্য দুঃখ প্রকাশ করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। গতকাল বুধবার ডিএনসিসির ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণার সময় তিনি নগরবাসীর উদ্দেশে এই সৌজন্য প্রকাশ করেন।

তবে প্রস্তাবিত বাজেটে মশা নিধনে বরাদ্দ কমিয়েছে ডিএনসিসি। গতকাল ঘোষিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে মশা মারার বরাদ্দ কমিয়ে ২০ কোটি টাকা ধরা হয়েছে। গত অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ২৩ কোটি ২৫ লাখ টাকা।

বাজেট ঘোষণা উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সরবরাহ করা পুস্তিকায় দেখা যায়, মশা নিধন বাবদ গত অর্থবছরে ২৩ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ রাখলেও তার পুরোটা খরচ করেনি। প্রায় ছয় কোটি টাকা কম খরচ করা হয়েছে।

গণমাধ্যমকর্মীদের এ-বিষয়ক প্রশ্নের মুখে মেয়র মশা নিধনের জন্য বরাদ্দের পুরো টাকা খরচ না করার কারণ জানতে চান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কাছে। মেয়র বলেন, ‘এই প্রশ্ন আমারও। বরাদ্দের পুরো টাকা কেন খরচ করা হলো না?’

জবাবে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম এম সালেহ ভুঁইয়া বলেন, ‘পুরো টাকা খরচের প্রয়োজন হয়নি। আমাদের সব ইকুইপমেন্ট (যন্ত্রপাতি) ছিল। পর্যাপ্ত ওষুধ ছিল।’

তারপরও কেন চিকুনগুনিয়ার প্রকোপ—সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘চাইলেও আমরা অনেক এলাকায় মশার ওষুধ ছিটাতে পারি না। বসুন্ধরা আবাসিক এলাকা, উত্তরার কিছু অংশ ও সেনানিবাস এলাকায় আমাদের ওষুধ ছিটানোর অনুমতি নেই। আর মশার বিস্তারের জন্য নগরবাসীর অসচেতনতাও কম দায়ী নয়।’

এরপর জলবায়ু পরিবর্তনকেও চিকুনগুনিয়ার বিস্তারের কারণ দাবি করে স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় এই রোগ ছড়িয়েছে। সচেতন হলে এটি এড়ানো সম্ভব।

প্রসঙ্গত, শহরজুড়ে চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা মশা নিধন ও জনসচেতনতা সৃষ্টির জন্য এগিয়ে আসে। মশা নিধনের দায়িত্বপ্রাপ্ত দুই সিটি করপোরেশন তাদের সহযোগী হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত চিকুনগুনিয়ার প্রকোপ থাকবে।