চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির 'সেলিব্রেশন লাঞ্চ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) কর্তৃপক্ষ গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম ক্লাবে ‘সেলিব্রেশন লাঞ্চে’র আয়োজন করে। সরকারের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পাওয়া উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ শামসুল হক চৌধুরী, বেগম চেমন আরা তৈয়ব ও জাফরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে অতিরিক্ত শিক্ষাসচিব সালাহউদ্দীন আকবর উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এস এম আল হোসায়নী। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ইরশাদ কামাল খান। শুভেচ্ছা বক্তব্য দেন ইএসটিসিডিটির সভাপতি সাইফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, নৈতিকতা এবং দেশপ্রেমহীন শিক্ষা কাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ার জন্য সহায়ক নয়। শিক্ষাক্ষেত্রে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এ অভাব পূরণ করে সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে যথাযথ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন।
ইএসটিসিডিটির সভাপতি সাইফুর রহমান বলেন, সবার সহযোগিতায় চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি নিকট-ভবিষ্যতে দেশের অন্যতম প্রধান উচ্চশিক্ষা বিদ্যাপীঠে পরিণত হবে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এস এম আল হোসায়নী বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার বিদ্যমান পরিবেশ ও সুযোগ-সুবিধা বাড়ানোর কাজ চলছে।
অনুষ্ঠানে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, ইএসটিসিডিটির বোর্ড সদস্য, চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন।