চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ২২তম সাধারণ সভা ও কল্যাণ তহবিল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে।গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে কল্যাণ তহবিল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সমিতির প্রধান উপদেষ্টা এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোশাররফ হোসেন।সমিতির প্রতিষ্ঠাতা সদস্য অলি আহমদের হাতে ডিপিএসের বই তুলে দিয়ে প্রকল্পের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুল কবীর।সমিতির সভাপতি ওবায়দুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমিতির দুই উপদেষ্টা কমিউনিস্ট পার্টির নেতা শাহ আলম ও সাংবাদিক অঞ্জন কুমার সেন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির মহাব্যবস্থাপক মোস্তফা কামাল, পরিচালক আবুল কাসেম, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি রইস মিঞা, সাবেক সম্পাদক মোস্তফা খোকন ও সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন।অনুষ্ঠান শেষে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।