চিটাগাং সংবাদপত্র হকার্স সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ
চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি শপথ নিয়েছে। চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে গত বুধবার ওই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক। সমিতির অন্যতম উপদেষ্টা ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি অঞ্জনকুমার সেনের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. শামসুদ্দীন ভূঁইয়া, প্রতিষ্ঠাতা সম্পাদক মনির আহমদ, নির্বাচন কমিটির সদস্য নিরূপম দাশগুপ্ত। অনুষ্ঠানে বক্তৃতা করেন সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ওবায়দুল হক মজুমদার, সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সমিতির প্রবীণ সদস্য মোস্তফা খোকন, রইচ মিয়া, আহছান উল্লাহ প্রমুখ।গত ৭ অক্টোবর সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি ও সম্পাদক ছাড়াও সহসভাপতি পদে আবুল বশর এবং পরিচালক (সদস্য) পদে জাকির হোসেন, নুর রহমান খোকন ও তপনচন্দ্র নাথ নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।