মুঠোফোন ও ইন্টারনেটের প্রসারের কারণে ব্যক্তিগত চিঠি আদান-প্রদান কমে যাওয়ায় ব্যক্তিগত চিঠির খাত থেকে দক্ষিণাঞ্চল ডাক বিভাগের আয় কমে গেছে। তবে একই সময়ে বেড়েছে ব্যয়।ডাক বিভাগসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে দক্ষিণাঞ্চল ডাক বিভাগের আয় হয় ২২ কোটি ৯৪ লাখ টাকা এবং ব্যয় ৬৯ কোটি ২১ লাখ টাকা। ২০১০-১১ অর্থবছরে ব্যয় বেড়ে দাঁড়ায় ৮০ কোটি ৯৯ লাখ টাকা। অথচ আয় কমে হয় ২১ কোটি ৮৬ লাখ টাকা। আর ২০১১-১২ অর্থবছরে আয় একটু বেড়ে হয় ২৬ কোটি টাকা, ব্যয় হয় ৯০ কোটি টাকা।অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল জি এম রফিকুল ইসলাম বলেন, নতুন বেতন স্কেল প্রবর্তনসহ বিভিন্ন কারণে ব্যয় বেড়েছে। সরকারি বিভিন্ন ধরনের পরীক্ষার খাতা ডাক বিভাগের মাধ্যমে পাঠানোর কথা থাকলেও তা পাঠানো হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এ ছাড়া চিঠিপত্র, মানি অর্ডার ও পার্সেল লেনদেনের সংখ্যা কমে যাওয়া, পোস্ট অফিসের মাধ্যমে মোটরযান কর আদায় বন্ধ হওয়াসহ নানা কারণে আয় কমেছে।পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনা ও বরিশাল বিভাগ এবং বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে গঠিত ডাক বিভাগের দক্ষিণাঞ্চলের প্রধান কার্যালয় খুলনা মহানগরের বয়রা এলাকায় অবস্থিত। ২১টি জেলায় ডাকঘর রয়েছে দুই হাজার ৮৪৬টি। এসব ডাকঘরে আসবাবপত্রের সংকট প্রকট। তিন হাজার ৮৫৮টি পদের মধ্যে ৮০৮টি পদ শূন্য রয়েছে। বিভিন্ন স্থানে ডাকবাক্স আছে চার হাজার ৫০টি। ডাক বিভাগের ৬০টি যানবাহনের মধ্যে নয়টিই বর্তমানে অচল। মাঝেমধ্যে ডাকঘরগুলোয় খাম ও পোস্টাল অর্ডারের সংকট দেখা দেয়।মহানগর ও পৌর এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে জিইপির মাধ্যমে পাঠানো চিঠি বিলি করার নিয়ম থাকলেও অনেক ক্ষেত্রেই গ্রাহকেরা নির্ধারিত সময়ের মধ্যে তা পান না। ডাক বিভাগের পার্সেল সার্ভিস থাকলেও সেখানে কুরিয়ার সার্ভিসের মতো কম্পিউটার সামগ্রীসহ সব ধরনের মালামাল বুকিং নেওয়া হয় না।সূত্র আরও জানায়, সরকারি চিঠির সংখ্যা বাড়লেও ব্যক্তিগত চিঠি লেনদেন অনেক কমে গেছে। যানবাহনের সংকটের কারণে দেশের অভ্যন্তরে ডাক বিভাগের পার্সেল লেনদেনের সংখ্যাও কমেছে। এ ছাড়া সময়মতো বিলি করতে না পারায় বিদেশে পার্সেল পাঠানো বা ইএমএসের (এক্সপ্রেস মেইল সার্ভিস) সংখ্যাও কমে গেছে। পোস্টমাস্টার জেনারেল আবদুর রশীদ বলেন, সময়মতো চিঠি বিলি করার জন্য পোস্টম্যানদের কঠোর নির্দেশনা দেওয়া আছে। অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে নতুন নতুন সার্ভিস চালু করা হচ্ছে। এতে সাড়াও পাওয়া যাচ্ছে। জনবল ও যানবাহনসংকটের কারণে যেসব সমস্যা হয়, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।