চিঠি এল দিয়াজের নামে, কাঁদছেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী নিহত হন গত বছরের ২০ নভেম্বর। মৃত্যুর নয় মাস পর চাকরির লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার চিঠি এল তাঁর নামে। এরপর থেকে চিঠিটি বুকে জড়িয়ে কাঁদছেন তাঁর মা। চোখের জল ফেলছেন পরিবারের অন্য সদস্যরাও।

২১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা চলাকালে দিয়াজ ইরফান চৌধুরীর মামা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রাশেদ বিন আমিন চৌধুরী এই চিঠি পান। ওই দিনই রাশেদ চিঠিটি দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরীর হাতে তুলে দেন।

গতকাল শনিবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন দিয়াজের বড় বোন জুবাঈদা ছরওয়ার চৌধুরী। তিনি বলেন, ‘খুনিরা আমার ভাইকে সব পরীক্ষার ঊর্ধ্বে পাঠিয়ে দিয়েছে। এ চিঠি আমাদের সবার চোখ জলে ভিজিয়েছে।’

পারিবারিক সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী সচিব/সহকারী পরিচালক পদের জন্য আবেদন করেছিলেন দিয়াজ। ২১ আগস্ট পরীক্ষায় অংশ নিতে চিঠি আসে। ইউজিসির সচিব মো. খালেদের সই করা চিঠিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহকারী সচিব/সহকারী পরিচালক নিয়োগের জন্য আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা-১২০৭ ঠিকানায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকতে আপনাকে অনুরোধ করা হলো।’

দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দিয়াজ আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। বেঁচে থাকলে আমার ছেলে পরীক্ষায় অংশ নিত। এখন এ চিঠি আমাদের জন্য শুধু চোখের জল বইয়ে এনেছে।’

২০১৬ সালের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ২৩ নভেম্বর পুলিশ জানায়, দিয়াজকে হত্যা করা হয়েছে—এমন আলামত ময়নাতদন্ত প্রতিবেদনে মেলেনি। এরপর ছেলেকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগে ২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু (বর্তমানে স্থগিত কমিটি), সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন। পরে ৬ ডিসেম্বর লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। গত বছরের ১১ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে দ্বিতীয় ময়নাতদন্ত হয়। চলতি বছরের ১ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন পান। এতে দিয়াজ আত্মহত্যা করেননি, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।