চিঠি গায়েব ও অনিয়ম তদন্তে কমিটি
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গুরুত্বপূর্ণ দাপ্তরিক চিঠি গায়েব, দরপত্রের তথ্য ফাঁসসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ আরেকটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। দুটি কমিটিই ১৩ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবে বলে জানিয়েছেন হাসপাতালের একজন কর্মকর্তা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২০০৯ সালের ১৫ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী সদর আসন থেকে জয়ী সাংসদ ফজলে হোসেন বাদশাকে হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি মনোনীত করা হয়। কিন্তু হাসপাতালের কেউ চিঠিটি গায়েব করে ফেলে। এ কারণে আগের নিয়ম অনুযায়ী রাজশাহী সিটি করপোরেশনের মেয়রই হাসপাতালের সভাপতির দায়িত্ব নেন। ওই দায়িত্ব নিয়ে তৎকালীন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান ১২টি বৈঠক করেন এবং গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নেন।
সম্প্রতি হাসপাতালের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশিত হচ্ছে। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ আন্দোলন করছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী এবারের সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশাকে হাসপাতালের দায়িত্ব নিতে বলেন। ফজলে হোসেন মন্ত্রণালয় থেকে হাসপাতালে চিঠি পাঠাতে বলেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা চিঠি তৈরি করতে গিয়ে জানতে পারেন, ফজলে হোসেনকে ২০০৯ সালেই সভাপতি করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিঠি পাঠানো হয়।
আনুষ্ঠানিক দায়িত্ব পাওয়ার পর ফজলে হোসেন ৩ ফেব্রুয়ারি হাসপাতাল পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করেন। সেখানে হাসপাতালের চিঠি গায়েব, দরপত্রের গোপন তথ্য ফাঁসসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
হাসপাতালের উপপরিচালক আ স ম বরকতুল্লাহ বলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার তাঁদের প্রতিনিধি নির্বাচন করে দিলেই তাঁরা স্থানীয় তদন্ত কমিটি গঠন করবেন।
হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ফজলে হোসেন বাদশা বলেন, ভবিষ্যতে ভান্ডারের সামনে ক্যামেরা বসানো হবে। কম্পিউটারের মাধ্যমে ওষুধের মজুত হালনাগাদ করা হবে।