চিঠি ছাড়াই ৬০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে নাসাকা
মিয়ানমারের নাসাকা বাহিনী কোনো চিঠি ছাড়াই ৬০ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। তাঁদের মধ্যে ৩৫ জনকে আটক করা হয়েছে। বাকি ২৫ জন পালিয়ে গেছেন। আটক হওয়াদের টেকনাফ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে নাসাকা বাহিনী ৬০ জন বাংলাদেশিকে ট্রলারে করে নাফ নদীর আড়াই নং স্লুইসগেট এলাকায় এনে পানিতে নামিয়ে দেয়। খবর পেয়ে টেকনাফ সদর বিওপির সুবেদার মো. জজ মিয়ার নেতৃত্বে বিজিবির জওয়ানেরা ঘটনাস্থলে গিয়ে ৩৫ জনকে আটক করেন। ২৫ জন লোকালয়ে ঢুকে পড়েন।আটক হওয়া ব্যক্তিরা হলেন: চট্টগ্রামের বাঁশখালীর কন্দাপাড়ার সুজিত দাশ, খৈশিক দাশ, উত্তরছড়ার আবদুস সবুর, চন্দনাইশের ধোপাছড়ির মো. কালু, কক্সবাজারের খুঁটাখালীর হাবিবুল আলম, মো. ইউনুছ, দক্ষিণ পাড়ার মো. ফিরোজ, বাদশা মিয়া, নয়াপাড়ার জালাল আহমদ, পূর্ব নয়াপাড়ার নুরুল হক, মোজাহার আহমদ, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন, আবদুল্লাহ, গর্জনিয়ার উলা মিয়া, ফর্দনার ডেইলের হাফেজ আহমদ, চকরিয়া খড়িয়াঘোনার মো. সেলিম, নুর মোস্তফা, পালংখালীর রুহুল আমিন, চকরিয়ার কাঁকাড়ার মিজানুর রহমান, মো. জোহার, ঈদগাহ বাংলাবাজারের ইয়াছিন, এছারুল হক, ফাইস্যাখালী দক্ষিণঘোনার ইব্রাহিম, সিকদারপাড়ার মো. জয়নাল, টেকনাফ নাইট্যংপাড়ার আবদুল মজিদ, রহমত উল্লাহ, শাহপরীর দ্বীপ করাচিপাড়ার মো. আলম, মহেশখালীর শামলাপুরের শহিদুল ইসলাম, আক্তার মিয়া, রামুর আমিন উদ্দিন, মরিচ্যা কাঁটাবনিয়ার ফরিদ ও বান্দরবানের আলীকদম নয়াপাড়ার মো. জসীম উদ্দিন। আবদুল মজিদ, জালাল আহমদসহ কয়েকজন জানান, গত ২১ মার্চ রাতে ১৪৬ জন লোক নিয়ে কক্সবাজার কচ্চুরা ঘাট এলাকা থেকে একটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশে ছাড়া হয়। ১৩ দিন সাগর পাড়ি দিয়ে গত ৩ এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুনের পশ্চিম এলাকায় পৌঁছে ট্রলারের মাঝিমাল্লারা মালয়েশিয়া পৌঁছেছে বলে তাদের নামিয়ে দেয়। একসময় তাঁরা বুঝতে পারেন, এলাকাটি মিয়ানমারের। মিয়ানমারের নৌবাহিনী তাদের আটক করে কারাগারে পাঠায়। ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, মিয়ানমার সরকার কোনো ধরনের চিঠি ছাড়া একটি নৌকায় করে টেকনাফের নাফ নদীর বেড়িবাঁধসংলগ্ন এলাকায় এনে নদীতে ঝাঁপ দিতে বাধ্য করে। পরে বিজিবির সদস্যরা ৩৫ জনকে আটক করে থানায় সোপর্দ করে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।