চিঠি দিতে হবে, এমন কোনো কথা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘সংসদের ভেতরে বা বাইরে যেকোনো স্থানে সংলাপে বসার জন্য আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানিয়েছি। আর এ জন্য কাগজে বা চিঠি লিখে আমন্ত্রণ জানাতে হবে, এমন কোনো কথা নেই।’আজ শনিবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলায় ড. মনসুরউদ্দীন মহিলা কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সংলাপের বিষয়ে বারবার তাঁদের আমন্ত্রণ জানিয়েছি। আমরা বলেছি, আপনারা সমাজ, দেশসহ যেকোনো বিষয়ে আলাপ করতে চাইলে আমরা প্রস্তুত রয়েছি।’জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালির ভারতের একটি কারাগারে বন্দী থাকা প্রসঙ্গে মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘বালি নিজেই বলেছেন, স্বতঃপ্রণোদিত হয়ে তিনি ভারতে গেছেন। সাক্ষ্য দেওয়ার পর তাঁকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই।’এ সময় চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর, ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্ত, কচুয়া উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটোয়ারী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনন্নাহার বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।