চিঠি দিয়েও ফরম নেয়নি
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১২টি রাজনৈতিক দল তাদের প্রার্থী মনোনীত করতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল। কিন্তু মনোনয়নপত্র নেয়নি ১০টি দল। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিনে মোট ছয়টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের একজন, বিএনপির একজন ও চারজন আছেন স্বতন্ত্র।
সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেছেন, পৌরসভা নির্বাচনে মেয়র পদে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের প্রার্থী দেওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে ১২টি রাজনৈতিক দল দলীয় প্রার্থী মনোনীত করতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল। তবে আওয়ামী লীগ ও বিএনপি ছাড়া অন্য কোনো দলীয় প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।
গতকাল দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য ও পৌর কাউন্সিলর রেজাউল করিম। স্বতন্ত্র প্রার্থীরা হলেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এনায়েতুর রহমান, পৌর বিএনপির একাংশের সভাপতি বর্তমান মেয়র আলমগীর চৌধুরী, জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক আমিনুল আহসান ও আবদুর রহিম (তাঁর কোনো দলীয় পরিচয় নেই)।
খোঁজ নিয়ে জানা গেছে, এই উপজেলায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (জাপা), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যক্রম রয়েছে।
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, আক্কেলপুর পৌরসভা নির্বাচনে তাঁদের দল থেকে কেউ দলীয় মনোনয়ন চাননি।
জাসদের উপজেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘শুধু নির্বাচনে অংশ নেওয়া নয়, জয়লাভেরও সম্ভাবনা থাকতে হবে। দল থেকে কেউ নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেননি। এ কারণে আমাদের দলীয় প্রার্থী নেই।’
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু ওহাব চৌধুরী বলেন, এখানে সরাসরি দলীয় প্রার্থী নেই। তবে দলের সাধারণ সম্পাদক আমিনুল আহসান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এটি দলের নির্বাচনী কৌশল।