চিঠি দেওয়া হলেও আমলে নিচ্ছে না হাসপাতালগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্য যেখানে-সেখানে ফেলা হচ্ছে। এর ফলে দূষিত হচ্ছে পরিবেশ। ছড়িয়ে পড়ছে নানা রোগ। বর্জ্য ব্যবস্থাপনার আইন না মানায় পরিবেশ অধিদপ্তর থেকে এসব হাসপাতাল ও ক্লিনিককে চিঠি দেওয়া হয়েছে। তারপরও তা মানছে না প্রতিষ্ঠানগুলো।
পরিবেশ অধিদপ্তর, রংপুর কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক আখতারুজ্জামান বলেন, অধিদপ্তরের পক্ষ থেকে ৭৪টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে গত ১২ এপ্রিল চিঠি দেওয়া হয়েছে। ২১ এপ্রিলের মধ্যে এর যথাযথ ব্যাখ্যা চাওয়া হয়েছিল। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্য চুল্লিতে পুড়ে ধ্বংস করার বিধান রয়েছে। কিন্তু শহরের অধিকাংশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন অস্ত্রোপচারসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ব্যবহৃত সরঞ্জাম অপসারণে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ বিধিমালা এবং পরিবেশ সংরক্ষণ আইন মানা হচ্ছে না। অস্ত্রোপচার করা অঙ্গপ্রত্যঙ্গ, গজ-ব্যান্ডেজ, ব্যবহৃত ওষুধ, সিরিঞ্জ-সুই, পরীক্ষায় ব্যবহৃত স্লাইড, রোগীদের উচ্ছিষ্ট খাবার, এক্স-রে ফিল্ম প্রভৃতি নির্দিষ্ট উপায়ে বিনষ্ট না করায় তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে। এসব বর্জ্য অন্যান্য বর্জ্য পদার্থের মতোই নগরের নাচনিয়া এলাকায় ফেলা হচ্ছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালেও বর্জ্য পুড়িয়ে ফেলার চুল্লি নেই।
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক এস এম বরকতুল্লাহ বলেন, হাসপাতালের বর্জ্য সিটি করপোরেশনের গাড়িতে করে নিয়ে যায়। নিয়ম অনুযায়ী এসব বর্জ্য চুল্লি করে পুড়ে ফেলতে হবে। কিন্তু এ যন্ত্র এখানে নেই বলে তা করা হয় না।
জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক সামসুর রহমান বলেন, জেলায় নিবন্ধনকৃত ডায়াগনস্টিক সেন্টার ৭২টি এবং ক্লিনিক ৮৪টি। পরিচ্ছন্নতাকর্মীদের ভ্যানে চিকিৎসা বর্জ্য তুলে দেওয়া হচ্ছে। তবে নিয়ম মোতাবেক চিকিৎসা বর্জ্য ধ্বংস করতে হলে যে চুল্লি স্থাপনের কথা বলা হচ্ছে তা স্থাপন করতে অনেক টাকার প্রয়োজন। ক্লিনিক মালিকদের পক্ষে তা নির্মাণ করা সম্ভব নয়। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে পরামর্শ করে এবং সিটি করপোরেশনের সহযোগিতায় হাসপাতালের বর্জ্য নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে।
মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, পরিবেশ আইন অনুযায়ী এসব বর্জ্য নষ্ট করতে একটি প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি জায়গাও নির্ধারণ করা হয়েছে। এর বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।