চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ভূঁইয়া ইকবাল বন্ধু ও শুভানুধ্যায়ীদের সঙ্গে এখনো নিয়মিত পত্রযোগাযোগ করেন। গত দেড় মাসে নগরের কাজীর দেউড়ি, লালখান বাজার, পুলিশ লাইন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সড়কের পাশের ডাকবাক্স থেকে অন্তত ৫০টি চিঠি পোস্ট করেছেন তিনি। কিন্তু কোনো চিঠি প্রাপকের ঠিকানায় পৌঁছায়নি। মোবাইল ইন্টারনেটের যুগে হাতে লেখা চিঠির সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি ঝিমিয়ে পড়েছে ডাক বিভাগের চিঠি বিতরণ কার্যক্রমও। এ কারণে সাধারণ চিঠির পাশাপাশি নিবন্ধিত কিংবা গ্যারান্টেট মেইলও নিখোঁজ হচ্ছে প্রতিদিন। গত নভেম্বর পর্যন্ত তিন মাসে ৪১টি নিবন্ধিত চিঠি নিখোঁজ হয়েছে। এসব কারণে ডাক বিভাগের ওপর আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ। অথচ এখনো চিঠি বিলির দায়িত্বে নিয়োজিত ডাকপিওনরা কর্মরত রয়েছেন।জানা গেছে, চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের (জিপিও) অধীনে নগরের বিশাল নগরের বিভিন্ন স্থানে চিঠির প্রায় ১০০ বাক্স রয়েছে। এ ছাড়া নগরের অপর অংশ এবং চট্টগ্রামের আট উপজেলার অধীনে রয়েছে আরও প্রায় ৪২৫টি সড়ক বাক্স। বাক্সগুলো নিয়মিত খোলা হয় না বলে গ্রাহকদের অভিযোগ। আট উপজেলা ও জিপিওর অধীনে মোট ১৮৯ জন ডাকপিওন বর্তমানে কর্মরত রয়েছেন।ভূঁইয়া ইকবাল বলেন, ‘সড়কের চিঠির বাক্সগুলো এখন আর খোলাই হয় না। আগে দ্রুত এখান থেকে চিঠি যেত। আমি নভেম্বরে কাজীর দেউড়ি থেকে আমার লালখান বাজারের নিজের বাসার ঠিকানায় চিঠি পাঠিয়ে দেখেছি। কিন্তু সেই চিঠি এখনো আসেনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাক্সটিতে ফেললে মাঝেমধ্যে পাওয়া যায়। তা-ও দেরিতে। আবার মানবিক অনুষদের পাশের বাক্সে চিঠি ফেললে তা আসে না।’ এ প্রসঙ্গে জিপিওর ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (ডিপিএমজি) মোহাম্মদ ইউসুফ বলেন, ‘হাজারের মধ্যে এক-দুইটা হয়তো মিসিং (নিখোঁজ) হয়। তবে একটাও কেন হবে? সাধারণ চিঠি নিখোঁজের অভিযোগ তালিকাভুক্ত নয়। আর এখন প্রযুক্তির যুগে সাধারণ চিঠি কমে গেছে। অনেক সময় আমরা নিজেরা চিঠি লিখে লেটার বক্সে ফেলে দেখি।’সাধারণ চিঠির পাশাপাশি নিখোঁজ হচ্ছে নিবন্ধিত গুরুত্বপূর্ণ চিঠিও। চট্টগ্রাম আদালতে অনুশীলনরত আইনজীবী জাফর ইকবাল গত ১৮ অক্টোবর আদালতের গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র হাটহাজারীর পশ্চিম ধলইয়ের ঠিকানায় পাঠানোর জন্য কোর্ট বিল্ডিং ডাকঘর থেকে পোস্ট করেন। কিন্তু এই চিঠি পৌঁছায়নি। পরে ওই আইনজীবী এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (ডিপিএমজি) বরাবর। কিন্তু চিঠির হদিস আর পাওয়া যায়নি।ডাক বিভাগ সূত্রে জানা গেছে, আট উপজেলা ও নগরের একাংশের আওতায় গত নভেম্বরে ১৫টি, অক্টোবরে নয়টি এবং সেপ্টেম্বরে ১৭টি নিবন্ধিত চিঠি নিখোঁজ হয়েছে। এগুলো প্রাপকের ঠিকানায় তো নয়ই, প্রেরকের ঠিকানায়ও আর ফেরত আসেনি।এ প্রসঙ্গে জানতে চাইলে ডিপিএমজি শাহীন আক্তার প্রথম আলোকে বলেন, ‘নিবন্ধিত চিঠি নিখোঁজ হলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিয়ে থাকি। এখন সাধারণ চিঠি কমে গেলেও অন্যান্য ব্যবসায়িক চিঠি আদান-প্রদান বেড়েছে।’ইএমএসও যায় না: গত ২ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে চট্টগ্রামের জিপিও থেকে একটি পার্সেল পাঠান মনিরুল ইসলাম। কেজিপ্রতি এক হাজার ৮৮৮ টাকা হিসেবে এতে খরচ পড়ে এক হাজার ৩৯৫ টাকা। কিন্তু এখন পর্যন্ত ওই পার্সেলের কোনো খবর নেই। মনিরুল ইসলাম বলেন, ‘এত দিনেও পার্সেল না পৌঁছানোয় ১ জানুয়ারি আমি লিখিতভাবে ডিপিএমজি বরাবর অভিযোগ করেছি। আমি পার্সেল ফেরত চেয়েছি। কিন্তু ওই চিঠির কোনো জবাব এখনো পাইনি।’