চিঠি লেখার প্রতিযোগিতা
জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গতকাল বুধবার ‘শিশু কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ বিষয়ে চিঠি লেখার প্রতিযোগিতাসহ শিক্ষার্থীদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৫০টি বিদ্যালয়ের দুই হাজার ছাত্রী চিঠি লেখে তাদের বাবার উদ্দেশে। এসব চিঠি বাছাই করে সেরা পাঁচ ছাত্রীকে পুরস্কৃত করা হয়।
উপজেলা পরিষদের মাঠে গতকাল সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ৫০টি বিদ্যালয়ের ছাত্রীরা এতে অংশ নেয়। উপজেলা প্রশাসন, দ্য হাঙ্গার প্রজেক্ট এবং ওমান অ্যান্ড গার্লস লিড গ্লোবালের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে ইউএনও আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী। আলোচনা করেন দ্য হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার, ইউএসআইডির জেন্ডার বিশেষজ্ঞ মাহমুদা রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম মাহবুবুল করিম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে দু শ কন্যা শিশু সাইকেল শোভাযাত্রা বের করে। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণে দেয়াল পত্রিকা প্রদর্শনী, চিঠি ও কুইজ প্রতিযোগিতা হয়। ১০টি বিদ্যালয়কে সেরা দেয়াল পত্রিকার জন্য পুরস্কৃত করা হয়।