চিঠি লেখে না কেউ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিপিওতে নেই আগের সেই ব্যস্ততা। কর্মহীন বসে আছেন কর্মচারীরা l প্রথম আলো
জিপিওতে নেই আগের সেই ব্যস্ততা। কর্মহীন বসে আছেন কর্মচারীরা l প্রথম আলো

সত্তরের দশকের প্রথম দিককার কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়ুয়া সৈয়দ হাসান ইমাম মাসে একাধিকবার ক্লাস শেষে সন্ধ্যায় এসে লাইন ধরতেন। জিপিওতে চিঠি দেওয়ার লাইন। কখনো বড় ভাইকে লিখতেন টাকা চেয়ে—এদিকে খুব টানাটানি চলছে। আবার কখনো মায়ের চিঠির জবাব পাঠাতেন। বললেন, ‘প্রতিবার গিয়ে দেখতাম কাউন্টারের সামনে শ খানেক লোকের লাইন। একটা চিঠি দিতে আধা ঘণ্টা বা তারও বেশি সময় অপেক্ষা করতে হতো।’

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের জিপিওতে (জেনারেল পোস্ট অফিস) এখন আর চিঠি হাতে অপেক্ষমাণ মানুষের সারি চোখে পড়ে না। কর্তৃপক্ষ ও সেবা নিতে আসা মানুষ বলছে, এখন কেউ আর ব্যক্তিগত চিঠি লেখে না। কেউ সেসব চিঠির জন্য প্রতীক্ষাও করে না। তবে বেড়েছে দাপ্তরিক ও ব্যবসায়িক চিঠির সংখ্যা।

একসময় জিপিওর হলঘরের কাউন্টারগুলোর সামনে মানুষের লম্বা লাইন ভবনের বাইরে এসে ঠেকত। তবে গতকাল গিয়ে তার প্রায় সবই ফাঁকা পাওয়া যায়। মূল হলঘরে বিভিন্ন ডাকসেবার ৪১টি কাউন্টার।

দুপুর ১২টায় গিয়ে দেখা যায়, সব মিলিয়ে সেখানে ২০ জন লোকও নেই। সবচেয়ে লম্বা লাইনটি ফ্র্যাংকিং মেশিন (ডাক টিকিটের বিকল্প ছাপ দেওয়ার যন্ত্র) কাউন্টারের সামনে, যেখানে মাত্র আটজন দাঁড়িয়ে আছেন। হলঘরের বাঁ পাশে ডাকঘর সঞ্চয় ব্যাংক অংশে কিছু মানুষ অপেক্ষা করছেন। তবে সেখানকার কাউন্টারগুলোতেও ভিড় নেই। 

প্রতিষ্ঠানটির বছরওয়ারি ডাকের হিসাবে দেখা যায়, ১৯৭২-৭৩ সালে ডাকের পরিমাণ ছিল ৩০৭ কোটি ৬১ লাখ ২৫ হাজার ৫৭৮। কিন্তু ২০০৬-০৭ অর্থবছরে ডাকের পরিমাণ নেমে এসেছে ২৬ কোটিতে।

জিপিওর একজন পরিচ্ছন্নতাকর্মী বললেন, ‘আগে এত লোক হইত, ঝাড়ু দিয়া কূল পাইতাম না। আবার ময়লা জইমা যাইত। ঝাড়ু দিতে গিয়া ডেইলি ৫০-১০০ টাকাও পাইতাম। আর এখন মানুষও আহে না, ময়লাও নাই।’

মো. ইসমাইল হোসেন কানাডায় একটি পার্সেল পাঠাবেন বলে এসেছেন। বললেন, ‘১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত অনেক চিঠি লিখতাম। চিঠিপত্র দিতে এসে প্রতিবার লম্বা লাইনে দাঁড়াতে হতো। মোবাইল কেনার পর আর চিঠি লেখা হয়নি।’

জিপিওর হলঘরের এক পাশে লাল রঙের সাতটি ডাকবাক্স। আলাদা আলাদা স্থান-নির্দেশক বাক্সগুলোর গায়ে লেখা ১ ঘণ্টা পর পর খোলা হয়। একটি বাক্স খুলতে দেখা গেল কিছু অল্প চিঠি পড়ে আছে। ডাক বিভাগের এক বৃদ্ধ কর্মী বললেন, ‘একসময় বাক্স খুললেই চিঠি উপচে পড়ত। আর এখন কয়েকটা চিঠি তলায় পড়ে থাকে।’

জিপিওর ঊর্ধ্বতন পোস্টমাস্টার মো. আজাদুল ইসলাম বলেন, চিঠি হারিয়ে যায়নি, বরং চিঠির ধরন পাল্টে গেছে। তিনি বলেন, ‘মোবাইল ফোন-প্রযুক্তি আসার পর সারা পৃথিবীতেই এখন ব্যক্তিগত চিঠির পরিমাণ শূন্যের কাছাকাছি। তবে ব্যবসায়িক চিঠির সংখ্যা অনেক বেড়ে গেছে।’

জিপিও গেট দিয়ে ঢুকে হাতের বাঁয়ে প্রথমেই কার্ডফোন সেন্টার। জং ধরা লম্বা টিনের ঘর। দরজা-জানালাগুলো এখন আর টিকে নেই। মাকড়সার জালে ঘেরা দুটো ভাঙাচোরা ফোন বুথ। কার্ডফোন সেন্টার ঘরটির সামনের অংশ এখন জঞ্জাল রাখার কাজে ব্যবহার হয়। দেখে বোঝা যায়, এটি অনেক আগেই উপযোগিতা হারিয়েছে। 

জিপিওর একজন কর্মী মোশাররফ হোসেন বলেন, মোবাইল ফোন সহজলভ্য হওয়ার পর মানুষ আর কার্ডফোন ব্যবহার করতে আসে না। তাই ২০০৫ থেকে ২০০৬ সালের দিকেই এ সেবা বন্ধ হয়ে যায়।