চিঠিটি দেড় মাসেও পৌঁছায়নি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে ডাকযোগে পাঠানো একটি রেজিস্ট্রি করা চিঠি দেড় মাসেও দিনাজপুরের বিরামপুর উপজেলায় পৌঁছায়নি।খোঁজ নিয়ে জানা গেছে, কাটলা ইসলামিয়া মাদ্রাসার সুপার খাজের উদ্দিন চাকরির সময় দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা থেকে ১৯৮২ সালে কামিল পাসের সনদ জমা দেন। সুপারের এই সনদ জাল বলে লিখিত অভিযোগ করেছেন ওই মাদ্রাসার সাবেক সভাপতি আলিমুদ্দিন মণ্ডল। আলিমুদ্দিন মণ্ডল জানান, এ বিষয়ে তিনি ২০১০ সালে দিনাজপুর জেলা প্রশাসক, স্থানীয় সাংসদ, জেলা শিক্ষা কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন; কিন্তু কোনো কাজ হয়নি।গত ৪ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘জাল সনদে ২৭ বছর ধরে চাকরি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। দিনাজপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন জানান, এই সংবাদ দেখে তিনি বিরামপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ডেও সনদটি যাচাইয়ের জন্য পাঠিয়েছেন।বিরামপুর মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বিরামপুর মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে গত ৩০ সেপ্টেম্বর খাজের উদ্দিনের সনদ যাচাইয়ের জন্য দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠানো হয়। কিন্তু গত বৃহস্পতিবার পর্যন্ত সেই চিঠির জবাব পাওয়া যায়নি।দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুল ইসলাম জানান, চিঠি পাওয়ার পর যাচাই করে সনদটি ‘জাল’ চিহ্নিত করা হয় এবং মাদ্রাসাটিতে খাজের উদ্দিন নামের কোনো শিক্ষার্থী ওই সময় ছিল না জানিয়ে গত ৯ অক্টোবর বিরামপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর ডাকযোগে রেজিস্ট্রি চিঠি পাঠানো হয়।দেওয়ানগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইনুল ইসলাম জানান, খাজের উদ্দিন দেওয়ানগঞ্জ মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে এসে তাঁর বিপক্ষে প্রতিবেদন না দেওয়ার জন্য কান্নাকাটি করেছেন। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁর কান্নাকাটিতে সাড়া না দেওয়ায় খাজের উদ্দিন দেওয়ানগঞ্জ মাদ্রাসা কর্তৃপক্ষের পাঠানো চিঠিটি কৌশলে বিরামপুর ডাকঘর থেকে উঠিয়ে নিয়ে থাকতে পারেন। তবে তিনি চিঠিটি আবার পাঠাবেন বলে জানান। দিনাজপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।