রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন তিন মাসেরও বেশি সময় ধরে আত্মগোপনে আছেন। সেখান থেকেই গোপনে ফাইল সই করছেন। এর মধ্যে প্রকাশ্য কোনো অনুষ্ঠানেও তাঁকে দেখা যায়নি। তবে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মেয়র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সাংবাদিকদের আমন্ত্রণপত্র পাঠানো হয়। সাংবাদিকেরা অনুষ্ঠানে উপস্থিত হলেও মেয়র আসেননি।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০১৫ উপলক্ষে গত শনিবার নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে ২১ এপ্রিল সাংবাদিকদের কাছে এ উপলক্ষে একটি আমন্ত্রণপত্র পাঠানো হয়। এর শেষাংশে বলা হয়েছে, ‘উক্ত সংবাদ সম্মেলনে মাননীয় মেয়র জনাব মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।’ কিন্তু সংবাদ সম্মেলনে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী দিবসটির সার্বিক কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
জানতে চাইলে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বলেন, করপোরেশনের প্রধান কর্তাব্যক্তি হিসেবে তাঁরা মেয়রের নামটি দিয়েছেন। তাঁর সম্মতি পাওয়া যায়নি। আসলে এটা ভুল হয়েছে।
গত ১৯ জানুয়ারি গভীর রাতে নগরের ভদ্রা এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলার অভিযোগে দায়ের করা মামলায় মেয়রকে আসামি করা হয়। এরপর ২২ জানুয়ারি দুপুরে নগরের কাদিরগঞ্জ এলাকায় ট্রাকের বহরে বোমা হামলা করা হয়। ২৩ জানুয়ারি রাতে নগরের মতিহার থানার কাপাশিয়া এলাকায় ঢাকাগামী গাড়িবহরে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় দায়ের করা মামলায় মেয়রকে আসামি করা হয়েছে। এর পর থেকে মেয়র একেবারে আত্মগোপনে চলে যান।
করপোরেশন সূত্রে জানা গেছে, মেয়র আর কার্যালয়ে আসছেন না, তবে আত্মগোপনে থেকে তিনি ফাইলে সই করছেন। নাম প্রকাশ না করার শর্তে করপোরেশনের একজন কর্মকর্তা বলেন, তাঁরা মেয়রের দপ্তরে ফাইল রেখে আসেন। সেখান থেকে কে কোথায় নিয়ে যান। কীভাবে ফাইল সই হয়, তা তাঁরা কিছুই জানতে পারেন না।
তবে নগরের কোনো বিশিষ্ট ব্যক্তি মারা গেলে নিয়মিতভাবে মেয়রের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে শোকবার্তা পাঠানো হচ্ছে। একইভাবে শুভেচ্ছা বার্তাও পাঠানো হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেটে বাংলাদেশের জয়ের ব্যাপারেও মেয়র শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
জানতে চাইলে করপোরেশনের গণসংযোগ কর্মকর্তা আমিরুল করিম বলেন, একটি ‘জেনারেল অর্ডার’ রয়েছে। সেই অর্ডারবলে মেয়র যত দিন চেয়ারে রয়েছেন, তাঁর পক্ষে শোক এবং শুভেচ্ছা বার্তা পাঠানো গণসংযোগ কর্মকর্তার একটি দায়িত্ব। সেই হিসেবে তিনি শোক ও শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকেন।
কথা বলার জন্য চেষ্টা করেও মেয়র মোসাদ্দেক হোসেনের ফোন বন্ধ পাওয়া গেছে।