চিঠির প্রতীক্ষায় থাকে না কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক বিভাগের দুটি ভ্রাম্যমাণ ডাকঘর প্রতিদিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। কিন্তু সেই ডাকঘরে কেউ ব্যক্তিগত চিঠি পোস্ট করেন না। ডাকপিয়নের চিঠির জন্য কেউ প্রতীক্ষাও করেন না। ভ্রাম্যমাণ ডাকঘর চলে সরকারি ও বেসরকারি দাপ্তরিক চিঠি আদান-প্রদান করে।
ঢাকাবাসীকে সেবা দিতে ১৯৯৬ সালে চালু হয়েছিল এ দুটি ভ্রাম্যমাণ ডাকঘর। শুরুতে এই ডাকঘরে ছিল মানুষের ব্যক্তিগত চিঠি পাঠানোর চাপ। কিন্তু মুঠোফোন-ইন্টারনেটের এই যুগে এখন আর মানুষকে ডাকঘরে খুব একটা যেতে হয় না। তবে আগের তুলনায় ভ্রাম্যমাণ ডাকঘরের রাজস্ব বাড়ছে।
ঢাকা নগরী দক্ষিণ বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) ইকবাল মাসুদ প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ ডাকঘর একটি পূর্ণাঙ্গ সাব-পোস্ট অফিস। রাজধানীতে এ দুটি ভ্রাম্যমাণসহ প্রায় ১১০টি ডাকঘর চালু আছে। এখানে মানি অর্ডার ও পারসেল পাঠানো যায়। এ ছাড়া প্রায় সব ধরনের স্ট্যাম্প ও ডাকটিকিট বিক্রি করা হয়। এতে প্রতিবছর রাজস্ব আয় বাড়ছে। তবে ভ্রাম্যমাণ ডাকঘর পরিচালনায় ব্যয় বেশি।
ঢাকা নগরী দক্ষিণ বিভাগ সূত্র জানায়, প্রতিদিন সকাল ৮টা ৪০ মিনিট থেকে নয়টা পর্যন্ত ফকিরাপুল বাজারের সামনে থাকে একটি ভ্রাম্যমাণ ডাকঘর। পরে সকাল নয়টা থেকে বেলা প্রায় সাড়ে তিনটা পর্যন্ত থাকে বাংলাদেশ ব্যাংক, ধলপুর কমিউনিটি সেন্টার, দোলাইরপাড় (ব্রিজ এলাকা), জুরাইন ও শাহজাহানপুর রেল ফটক, আরএমএস কমলাপুর এলাকায়। একই সময়ে রামপুরা, বারিধারা, বসুন্ধরা, গুলশান-২, সেবা মহাবিদ্যালয় (মহাখালী), মিরপুর ১০ নম্বর (ফায়ার সার্ভিসের সামনে), বক্ষব্যাধি হাসপাতাল (আগারগাঁও), সোবহানবাগ এলাকায় থাকে আরেকটি ভ্রাম্যমাণ ডাকঘর। একটি ডাকঘরে একজন করে পোস্টমাস্টার, প্যাকার (পার্সেলের প্যাকেটকারী) ও ড্রাইভার থাকেন। এভাবে সারা দিনই রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় এ দুটি ডাকঘর। বিকেলে চিঠি নিয়ে চলে আসে ঢাকা জিপিওতে।
স্টাম্প কিনতে গতকাল বুধবার দুপুরে জিপিওতে এসেছেন আলুবাজারের বাসিন্দা আজহারুল হক। তিনি বলেন, আগের তুলনায় ডাকঘরের প্রয়োজনীয়তা অনেকটাই ফুরিয়ে গেছে। সাধারণত স্ট্যাম্প ও ডাকটিকিট কেনা ছাড়া আসা হয় না। চিঠিপত্রও এখন আর কেউ লেখে না। তবে রাস্তাঘাটে লাল রঙের ভ্রাম্যমাণ ডাকঘর ঘুরতে দেখা যায়।
গাড়িতে জমা হওয়া চিঠিপত্র গন্তব্যে যায় কীভাবে, জানতে চাইলে ভ্রাম্যমাণ ডাকঘরের একজন কর্মী জানান, বিকেল চারটার পরপরই গাড়ি যায় ঢাকা জিপিওতে। সেখানে মানি অর্ডার ও স্ট্যাম্প বিক্রির হিসাব বুঝিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট কর্মকর্তাকে। চিঠি আর মানি অর্ডার চলে যায় কমলাপুরের কার্যালয়ে। সেখানে এলাকাভেদে চিঠি বাছাই হয়। তারপর রেলপথ, সড়কপথ ও জলপথের যেকোনো একটিতে চিঠি, মানি অর্ডার চলে যায় গন্তব্যে। তিনি বলেন, ভ্রাম্যমাণ ডাকসেবা দিতে তাঁদের গাড়ি দুটি সকালে নির্দিষ্ট সময়েই কার্যক্রম শুরু করে। কিন্তু যানজটে পড়ে প্রায়ই সময়সূচি ঠিক রাখা যায় না। তাই মানুষকে সেবা দিতে রাজধানীতে আরও কয়েকটি ভ্রাম্যমাণ ডাকঘর দরকার।
ইকবাল মাসুদ বলেন, ভ্রাম্যমাণ ডাকঘরের জন্য কেউ যদি কোনো এলাকা থেকে লিখত আবেদন দেন, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেখানে ডাকঘর পাঠানো যাবে। তিনি বলেন, চিঠি নিয়ে সেই আবেগের দিন আর নেই। এসব এখন চলে গেছে ইলেকট্রিক ডিভাইসে।