চিড়িয়াখানায় জিরাফ বাচ্চা দিয়েছে
ঢাকা চিড়িয়াখানায় দক্ষিণ আফ্রিকা থেকে সংগ্রহ করা একটি জিরাফ গতকাল বুধবার একটি বাচ্চা প্রসব করেছে। সন্ধ্যা ছয়টার দিকে চিড়িয়াখানার পশ্চিম এলাকায় নিজ আবাসস্থলে জিরাফটি বাচ্চা প্রসব করে। মা-জিরাফ ও বাচ্চা—দুটোই সুস্থ আছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
মিরপুর চিড়িয়াখানায় এখন জিরাফের সংখ্যা দাঁড়াল পাঁচে।
তবে সদ্যোজাত বাচ্চাটি পুরুষ, না মাদি প্রজাতির, তা নিশ্চিত হওয়া যায়নি। আজ বৃহস্পতিবার বাচ্চাটির লিঙ্গ জানার পর নাম রাখার চিন্তা করছে কর্তৃপক্ষ।
ঢাকা চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর মাকসুদুল হাসান হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘জিরাফ অত্যন্ত সংবেদনশীল প্রাণী। বাচ্চা প্রসবের পর থেকে মা-জিরাফ খুব অস্থির এবং ছটফট করছে। এ কারণে আমরা কাছে যাওয়ার ঝুঁকি নিইনি।’
বেলা তিনটার দিকে মা-জিরাফের প্রসববেদনা শুরু হলে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোছাদ্দেক হোসেন সেখানে উপস্থিত হন। প্রয়োজনীয় নির্দেশনা দেওয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
জানতে চাইলে মোছাদ্দেক হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঢাকা চিড়িয়াখানায় জিরাফের বাচ্চা প্রসবের ঘটনা এই প্রথম। তা ছাড়া এশিয়ার কোনো চিড়িয়াখানায় আবদ্ধ অবস্থায় জিরাফের বাচ্চা প্রসব একটি বিরল ঘটনা। এ জন্য আমরা খুব আনন্দিত।