ঢাকা চিড়িয়াখানার দুই কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তাঁদের বিরুদ্ধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি একাধিকবার তদন্ত চেয়েও মন্ত্রণালয়ের সাড়া পাচ্ছে না।
এই কর্মকর্তারা হলেন ঢাকা চিড়িয়াখানার ভূসম্পত্তিবিষয়ক কর্মকর্তা (এস্টেট অফিসার) অসীম কুমার দাস ও প্রাণিপুষ্টি কর্মকর্তা আবু সাঈদ কামাল। তাঁরা ২০০৮ সাল থেকে ঢাকা চিড়িয়াখানায় আছেন। দুজনেই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়েও নিম্ন পদে প্রেষণে কাজ করছেন। সংসদীয় কমিটির চাপে গত ৪ জুলাই অসীমের এবং ২৬ আগস্ট আবু সাঈদের প্রেষণাদেশ বাতিল করা হয়। কিন্তু এ আদেশও কার্যকর করা নিয়ে দীর্ঘসূত্রতার আশ্রয় নেওয়া হয়।
চিড়িয়াখানার একাধিক সূত্র জানায়, বর্তমান সরকারের পুরো সময় ধরে আবু সাঈদ চিড়িয়াখানার দরপত্র আহ্বান কমিটির আহ্বায়ক এবং অসীম কুমার সদস্য হিসেবে চিড়িয়াখানার পশুপাখি ও এর খাদ্য ক্রয়, রেস্তোরাঁ ও প্রবেশদ্বার ইজারা, বিভিন্ন মেরামত ও নির্মাণকাজ, নিলামসহ আনুষঙ্গিক কেনাকাটায় যুক্ত ছিলেন। এসব কাজে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা দুর্নীতির অভিযোগ তোলেন সংসদীয় কমিটির সদস্যরা।
কমিটির সদস্য ও আওয়ামী লীগের সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ প্রথম আলোকে বলেন, ‘অসীম ও আবু সাঈদ ঢাকা চিড়িয়াখানায় দুর্নীতির হোতা। কিন্তু সবাই তাঁদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ভয় পায়। এ কারণে আমরা এ দুজনকে সরিয়ে দিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত চেয়েছি।’
প্রাণিসম্পদ অধিদপ্তরের একাধিক সূত্র জানায়, স্থানীয় কয়েকজনের সঙ্গে যোগসাজশ করে চিড়িয়াখানার দক্ষিণ লেকপাড়ের প্রায় ১৫০ শতাংশ জমি ছেড়ে দিয়ে সীমানা নির্ধারণ করার অভিযোগ রয়েছে অসীমের বিরুদ্ধে। ওই ব্যক্তিরা রাতারাতি লেকে মাটি ভরাট শুরু করলে পুলিশের সহযোগিতায় চিড়িয়াখানার কিউরেটর ভরাট বন্ধ করান। এ ছাড়া চিড়িয়াখানার বিশিল মৌজায় সিএস ৩০ দাগে দুই একর ও সিএস ১৫ দাগে ১৭ কাঠা বেদখলি জমি উদ্ধারেও তিনি গড়িমসি করেন বলে অভিযোগ আছে।
অসীম কুমার দাস অভিযোগ অস্বীকার করে প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমি হাইকোর্টের মাধ্যমে প্রায় দুই একর জমি উদ্ধার করেছি, কিন্তু রাজনৈতিক কারণে তাদের উচ্ছেদ করতে পারছি না। ওই স্বার্থান্বেষী গোষ্ঠীই আমি বা আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছে।’ তবে তিনি তাদের নাম জানাতে রাজি হননি।
মন্ত্রণালয়ের নোটিশ: মন্ত্রণালয়ের নথিপত্রে দেখা যায়, অসীম কুমার দাসের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ২৯ জুন ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে অধ্যয়নের জন্য তাঁর প্রেষণ মঞ্জুর করে মন্ত্রণালয়। কিন্তু তিনি সেখানে ভর্তি না হয়ে চিড়িয়াখানায় ভূসম্পত্তি কর্মকর্তা পদে থেকে যান। এ নিয়ে কথা উঠলে এক বছর পর ২০১২ সালের ৭ জুন কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্টর’-এর (এনএটিপি) অধীন পশুপালন অনুষদের কৌলিবিজ্ঞান বিভাগে ভর্তি হন। কিন্তু ভর্তির বিষয়টি মন্ত্রণালয় ও এনএটিপি কর্তৃপক্ষকে না জানিয়ে তিনি ঢাকা চিড়িয়াখানায়ই থেকে যান।
তবে ‘জনাব অসীম কুমার দাসকে তার দায়িত্ব অব্যাহত রাখার জন্য পত্র প্রদান’ নামে একটি দাপ্তরিক আদেশও নথিতে আছে। সংসদীয় কমিটি একে ‘সন্দেহজনক’ বলছে। কারণ, তা পেছনের তারিখে করা বলে তারা জানতে পেরেছে।
গত ২৬ আগস্ট প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে অসীমের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়। নোটিশে ‘গুরুতর অনিয়ম’ ও চাকরিবিধির আওতায় ‘অসদাচরণের’ জন্য তাঁর বিরুদ্ধে কেন বিভাগীয় মামলা দায়ের করা হবে না, তা কারণ দর্শাতে বলা হয়।
আদেশ অগ্রাহ্য: এদিকে গত ৪ জুলাই অসীমের প্রেষণাদেশ বাতিল করার পর ৯ জুলাই প্রাণিসম্পদ অধিদপ্তর ও ২৯ জুলাই কিউরেটরের কার্যালয় থেকে অসীমকে দায়িত্ব বুঝিয়ে দিতে পৃথক দুটি দাপ্তরিক আদেশ দেওয়া হয়। কিন্তু তিনি তা অগ্রাহ্য করেন।
এ বিষয়ে জানতে চাইলে চিড়িয়াখানার কিউরেটর এনায়েত হোসেন দাবি করেন, ‘লিখিতভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কিছু নেই। তিনি আমাদের রেগুলার কর্মকর্তা নন। স্বয়ংক্রিয়ভাবে দায়িত্ব হস্তান্তর হয়ে যাবে।’ কিন্তু দায়িত্ব হস্তান্তরের বিষয়ে নিজের জারি করা অফিস আদেশের বিষয়ে জানতে চাইলে কিউরেটর কোনো মন্তব্য করেননি।
অসীম কুমার একই সঙ্গে অধিদপ্তরের আইনবিষয়ক কর্মকর্তার দায়িত্বেও ছিলেন। গত ১৩ আগস্ট আইনবিষয়ক কর্মকর্তার দায়িত্ব লুৎফুর রহমান নামের এক কর্মকর্তাকে দেয় অধিদপ্তর। পাঁচ দিনের মাথায় ১৯ আগস্ট ওই আদেশ বাতিল করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোছাদ্দেক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি প্রথমে বিষয়বস্তু জানতে চান। বিষয়টি বলার পর তিনি বলেন, ‘কথা বলার আর বুঝি সময় পেলেন না?’
এ ছাড়া ২৬ আগস্ট মন্ত্রণালয়ের এক আদেশে প্রাণিপুষ্টি কর্মকর্তা আবু সাঈদকে ২৯ আগস্টের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে মূল কর্মস্থলে যোগ দিতে বলা হয়। কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও তিনি দায়িত্ব বুঝিয়ে দেননি।
নিম্নপদস্থ কিন্তু ক্ষমতাধর দুই কর্মকর্তার দাপট, তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত না করা এবং বদলির আদেশ কার্যকরে দীর্ঘসূত্রতায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন সংসদীয় কমিটির সভাপতি এ বি এম আশরাফ উদ্দিন নিজান। তিনি বলেন, ‘এটি খুবই চিন্তার বিষয়। এর সঙ্গে ঊর্ধ্বতন কারও স্বার্থসংশ্লিষ্টতার ব্যাপার আছে বলে মনে হচ্ছে।’