চিড়িয়াখানার দুই একর জমি দখল করে বস্তি-বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর ১ নম্বর সেকশনের গুদারাঘাটে ঢাকা চিড়িয়াখানার কর্মচারীদের আবাসনের জন্য বরাদ্দকৃত এই জমিতে অৈবধ বস্তিঘর তোলা হয়েছে৷ ছবিটি শনিবার তোলা l প্রথম আলো
মিরপুর ১ নম্বর সেকশনের গুদারাঘাটে ঢাকা চিড়িয়াখানার কর্মচারীদের আবাসনের জন্য বরাদ্দকৃত এই জমিতে অৈবধ বস্তিঘর তোলা হয়েছে৷ ছবিটি শনিবার তোলা l প্রথম আলো

ঢাকা চিড়িয়াখানার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আবাসনের জন্য নির্ধারিত দুই একর জমি দখল করে চলছে বস্তি-বাণিজ্য। বস্তির কয়েক শ ঘর থেকে তোলা হচ্ছে ভাড়া। চলছে মাদকদ্রব্যের ব্যবসাও। বস্তিটি নিয়ন্ত্রণ করছেন আওয়ামী লীগের স্থানীয় তিনজন ও বিএনপির এক নেতা।
রাজধানীর শাহ আলী থানার গুদারাঘাট এলাকায় তিন দশকেরও বেশি সময় ধরে জমিটি অবৈধ দখলে রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ওই জমির বর্তমান বাজারমূল্য প্রায় ৮০ কোটি টাকা। বস্তিটি এলাকার পরিবেশের জন্য হুমকি এবং এলাকাবাসীর জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে।
এদিকে আবাসন সংকটের কারণে চিড়িয়াখানার কর্মচারীরা চিড়িয়াখানার সীমানাদেয়াল ঘেঁষা ঘরে সপরিবারে বসবাস করছেন, যা তাঁদের এবং চিড়িয়াখানার পশু—উভয়ের রোগজীবাণুতে আক্রান্ত হওয়ার জন্য ঝুঁকিপূর্ণ। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, ২০০৮ সালের ১৫ মে ওই জমি থেকে বস্তি উচ্ছেদের দিন ধার্য থাকলেও পুলিশ না পাওয়ায় তা হয়নি। তারা বস্তি উচ্ছেদ করে জমিটি নিয়ন্ত্রণে নিতে পদক্ষেপ নেবে।
ঢাকা চিড়িয়াখানা সূত্র জানায়, ভূমি অধিগ্রহণ করে ১৯৬৪ সালে ঢাকা চিড়িয়াখানা চালু করা হয়। ১৯৭৭ সালে চিড়িয়াখানা লেকের দক্ষিণে বিশিল মৌজায় গুদারাঘাট লালমাঠ (মিরপুর ১ নম্বর সেকশনের এইচ ব্লক) এলাকায় চিড়িয়াখানার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আবাসনের জন্য দুই একর জমি অধিগ্রহণ করে ঢাকা জেলা প্রশাসন। ওই বছরই জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। তখন খালি থাকা জমিটি চিড়িয়াখানা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকলেও তহবিল না পাওয়ায় কোয়ার্টার নির্মাণ করা যায়নি। পরে ধীরে ধীরে জমিটি বেদখল হতে থাকে। একপর্যায়ে সেখানে কয়েক শ বস্তিঘর তৈরি করে ভাড়া দেওয়া হয়। বস্তিতে অবৈধভাবে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ নেওয়া হয়েছে।
স্থানীয় লোকজন জানান, বস্তির গ্যারেজে বসে গাঁজার আসর। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বস্তিতে হেরোইন, মদ, গাঁজা, ফেনসিডিল বেচাকেনা ও সেবন হয়। জুয়ার আসরও বসে, যা এলাকার পরিবেশ নষ্ট করছে।
স্থানীয় সূত্র ও চিড়িয়াখানার কর্মকর্তারা জানান, বস্তিটি নিয়ন্ত্রণ করছেন শাহজাহান তালুকদার ওরফে মিয়া, তাঁর ভাই জালাল তালুকদার ওরফে বাবুল, চাচাতো ভাই তমিজউদ্দিন ও নাজিমউদ্দিন এবং রেহানা ইসলাম। শাহজাহান শাহ আলী থানা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক। জালাল শাহ আলী থানা কমিউনিটি পুলিশিং কমিটির এইচ ব্লকের সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি। তমিজউদ্দিন বিএনপির স্থানীয় নেতা। তাঁরা তাঁদের নিয়ন্ত্রণে থাকা ঘরগুলো থেকে ভাড়া তোলেন। জালালদের নিয়ন্ত্রণে প্রায় ৪০০ ঘর এবং তমিজউদ্দিনের নিয়ন্ত্রণে ৮০টি ঘর রয়েছে। রেহানা ৮ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর ইউনিট মহিলা আওয়ামী লীগের সভাপতি। তিনি দুই সারিতে একতলা আধা পাকা কয়েকটি ঘর তুলে বসবাসের পাশাপাশি ভাড়াও দিয়েছেন।
জালাল তালুকদার দাবি করেন, নিয়ম না মেনে তাঁদের পৈতৃক জমি অধিগ্রহণ করা হয়েছিল। তাঁরা জমির জন্য ক্ষতিপূরণও নেননি। তাই জমিটি তাঁদের। জমি নিয়ে হাইকোর্টে মামলা চলছে। তিনি বলেন, ‘চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ পর্যন্ত দুবার উচ্ছেদের উদ্যোগ নিয়েও পারেনি। কারণ, জেলা প্রশাসনের ভূমি শাখা এই উচ্ছেদে অনুমোদন দেয়নি। ৪০ বছর ধরে যখন পারেনি, আগামী ৪০০ বছরেও উচ্ছেদ করতে পারবে না।’ বস্তিতে মাদক ব্যবসা ও অবৈধ পানি-গ্যাস-বিদ্যুৎ সংযোগের বিষয়ে তিনি বলেন, ‘অনেকেই এ রকম অভিযোগ করে, আপনি এসে এর সত্যতা যাচাই করতে পারেন।’
রেহানা ইসলাম দাবি করেন, তিনি ১৯৯১ সালে গণপূর্ত হাউজিংয়ের জমিতে ওঠেন। সরকারের কাছে জমি বন্দোবস্ত পাওয়ার আবেদন করে ২০০০ সালে বরাদ্দ পান।
চিড়িয়াখানার কর্মকর্তারা জানান, অবৈধ দখল ধরে রাখতে নিজেদের জমির মালিক দাবি করে জালালের বাবা মুক্তার হোসেন, আত্মীয় মানেক্কা বেগম ও আনোয়ারা খাতুনের করা মামলা ২০০৮ সালের ১৭ জানুয়ারি ঢাকার জেলা যুগ্ম জজ আদালত খারিজ করেন। তাঁরা এর বিরুদ্ধে হাইকোর্টের স্থগিতাদেশ নেন। পরে হাইকোর্ট ২০১৩ সালে স্থগিতাদেশ বাতিল করেন।
সরেজমিনে দেখা যায়, ওই বস্তিতে প্রবেশপথের একাংশে রিকশা ও ভ্যানের গ্যারেজ। কয়েকটি টং দোকানও আছে। বিভিন্ন স্থানে ফেনসিডিলের খালি বোতল পড়ে আছে। বস্তির একজন বাসিন্দা জানান, ১৯৮৬ সাল থেকে তিনি এই বস্তিতে আছেন। পানি, বিদ্যুৎ ও গ্যাসের সুবিধা না থাকায় তাঁর ঘরভাড়া মাসে এক হাজার ৪০০ টাকা। এই তিন সুবিধা থাকা ঘরের ভাড়া দুই হাজার টাকা। ভাড়ার টাকা তোলেন জালালদের বাবা মুক্তার তালুকদার। কয়েকজন বস্তিবাসী জানান, সাদাপোশাকে পুলিশ মাঝেমধ্যে বস্তিতে মাদকবিরোধী অভিযান চালায়।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বলেন, ওই বস্তিতে যাতে মাদক বিক্রি না হয় সে ব্যাপারে পুলিশ তৎপর আছে। তবে গোপনে কেউ মাদক বেচাকেনা করলেও করতে পারে।
চিড়িয়াখানা প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন। অধিদপ্তরের আইনবিষয়ক কর্মকর্তা অসীম কুমার দাস প্রথম আলোকে বলেন, ২০০৮ সালের ১৫ মে উচ্ছেদের দিন ধার্য করে ১৪ মে বস্তিবাসীদের বস্তি ছাড়তে দিনভর মাইকিং করলে বেশির ভাগ বাসিন্দা চলে যায়। কিন্তু উচ্ছেদের ধার্য দিনে পুলিশ না পাওয়ায় উচ্ছেদ হয়নি। পরে বস্তিবাসীরা আবার ফিরে আসে। তিনি বলেন, এ পর্যন্ত চিড়িয়াখানার পাঁচ একর জমি দখলমুক্ত করা হয়েছে। লালমাঠ বস্তির দুই একর জমি উদ্ধারের প্রক্রিয়া চলছে।
চিড়িয়াখানার কিউরেটর এনায়েত হোসেন বলেন, আইনি জটিলতার কারণে চিড়িয়াখানার ওই জমি থেকে বস্তি উচ্ছেদে দেরি হচ্ছে। জেলা প্রশাসনের ভূমি শাখা থেকে জমি বুঝিয়ে দিলেই তাঁরা জমি দখলমুক্ত করে কর্মচারীদের কোয়ার্টার নির্মাণ শুরু করবেন। তিনি জানান, কর্মচারীরা সীমানাদেয়ালের বাইরে থাকলেও তা তাঁদের ও পশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।