চিতলমারীতে জমি দখল নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫
বাগেরহাটের চিতলমারীতে চরের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তাসহ ২৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার কলাতলা ইউনিয়নের মধুমতীর চরে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে আটজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন: উপজেলার কুনিয়া গ্রামের সৈয়দ মহসিন আলম, সোহরাব হোসেন, আবুল ফকির, নান্না ফকির, টুকু মীর, লায়েক মীর, রিয়াজ, রিয়াদ, সলিম এবং বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের এএসআই বখতিয়ার আলম। চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মতিয়ার জানান, মধুমতী নদীতে জেগে ওঠা চরের খাসজমি দখলকে কেন্দ্র করে গতকাল সকাল সাতটা থেকে সৈয়দ মহসিন আলম ও রুহুল আমিন শরীফের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এ সময় ইটের আঘাতে এএসআই বখতিয়ার আলম জখম হন।