চিতলমারীতে দুই কন্যাশিশুকে হত্যা করল বাবা!
বাগেরহাটের চিতলমারী উপজেলায় শাহ আলম কাজী নামে এক বাবা তাঁর দুই মেয়েকে পানিতে চুবিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার হিজলা ইউনিয়নের মাঠপাড়া গ্রামে গতকাল সোমবার এ ঘটনা ঘটে।শ্বশুরের কাছে টাকা চেয়ে না পেয়ে তিনি দুই মেয়েকে হত্যা করেছেন বলে জানা গেছে। পরে পালিয়ে যাওয়ার সময় পাশের কলাতলা উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তাঁকে ধরে পুলিশে সোপর্দ করে।নিহত দুই শিশুর নাম: নিশা আক্তার (৭) ও তিশা আক্তার (৪)। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত বুধবার শাহ আলম দুই মেয়েসহ স্ত্রী জেরিনা আক্তারকে শ্বশুরবাড়িতে রেখে যান। রোববার সন্ধ্যায় তিনি আবার শ্বশুরবাড়িতে আসেন। গতকাল সকালে শাহ আলম দুই মেয়েকে নিয়ে বের হন। পরে তিনি একা ফিরে আসেন ও ভেজা লুঙ্গি বদল করে কিছু না বলে বাড়ি থেকে বের হন। এ সময় জেরিনা পিছু নিলে তিনি তাঁকে বলেন (জেরিনার ভাষায়), ‘তোর দুই মেয়েকে বাদশার চিংড়িঘেরে মেরে রেখে এসেছি।’ এ কথা শুনে জেরিনা দৌড়ে ঘেরে গিয়ে মেয়েদের লাশ দেখতে পান।শাহ আলমের শ্বশুর আজিজ মল্লিক জানান, গতকাল সকালে তিনি নিজের চিংড়িঘেরে কাজ করছিলেন। এ সময় শাহ আলম দুই মেয়েকে নিয়ে তাঁর কাছে আসেন ও বিদেশে যাওয়ার জন্য তিন লাখ টাকা চান। তিনি এত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। পরে শাহ আলম চলে যান। কিছুক্ষণ পরে মেয়ের চিৎকারে এগিয়ে এসে তিনি বাদশার চিংড়িঘেরে তাঁর দুই নাতনির লাশ পড়ে থাকতে দেখেন।কলাতলা উচ্চবিদ্যালয়ের শিক্ষক শেখ আবদুল হাই জানান, শাহ আলম মেয়েদের হত্যা করে পালিয়ে যাচ্ছেন। এ কথা শুনে কয়েকজন ছাত্র পাঠিয়ে তাঁকে ধরে আনা হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। চিতলমারী থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ আলম শ্বশুরের কাছে টাকা চেয়ে না পেয়ে দুই মেয়েকে হত্যা করার কথা স্বীকার করেছেন।