চিতলমারীতে যুবলীগ নেতার দোকান ভাঙচুর, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের চিতলমারী উপজেলায় সালিস সভায় আওয়ামী লীগের এক নেতাকে আহত করার জের ধরে যুবলীগের নেতার দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা যুবলীগের সহসভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেব আলী ফরাজীর মেসার্স প্রভা ফিশ ট্রেডার্সে হামলা চালানো হয়। এ সময় দোকানের কর্মচারী জয়দেব মণ্ডল, লতিফ শেখ, আসলাম শেখ ও মিঠুন আহত হন।জানা গেছে, সকাল আটটার দিকে চিতলমারী সদরের আড়ুয়াবর্নি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল খান ও সাংগঠনিক সম্পাদক শেখ বাদশা মিঞা একটি সালিস সভায় বসেন। কথাকাটাকাটির একপর্যায়ে বাদশা মিঞার সমর্থকদের হামলায় বাবুল খানের মাথা ফেটে যায়। এর জের ধরে বাবুল খানের দেড় শতাধিক সমর্থক লাঠিসোঁটা নিয়ে চিতলমারী বাজারে এসে সাহেব আলীর দোকান ভাঙচুর করে। এ সময় বাজারের দোকানপাট অন্তত আধাঘণ্টা বন্ধ থাকে। হামলাকারীদের দাবি, সাহেব আলী ফরাজীর লোকেরা বাদশা মিঞার পক্ষ নিয়ে বাবুল খানকে আহত করায় তাঁরা দোকান ভাঙচুর করেন। বাদশা মিঞা জানান, সালিস চলার সময় একদল যুবক তাঁকে ও বাবুলকে লক্ষ্য করে ইট ছোড়েন। তিনি ওই যুবকদের চেনেন না। বাবুল খান জানান, বাদশার লোকজন তাঁর ওপর ইট ছোড়ে। দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তাঁর কোনো লোক জড়িত নয়।চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, হামলার খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় রেজাউল শেখ নামের এক যুবককে। দুপুরে উভয় পক্ষ মীমাংসার আশ্বাস দিলে এবং কোনো পক্ষ মামলা করতে আগ্রহী না হওয়ায় রেজাউলকে ছেড়ে দেওয়া হয়।