চিতলমারীতে সংঘর্ষে আহত ২০
বাগেরহাটের চিতলমারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলাতলা ইউনিয়নের মচন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মৃত আবদুল খালেকের স্ত্রী আলেয়া বেগমের সঙ্গে একই গ্রামের রাজ্জাক ফকিরের জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে একটি সালিস বৈঠক ডাকা হয়। সালিসে অংশ নিতে আলেয়া বেগমের ছেলে ফয়সাল খুলনা থেকে ১২-১৩টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসে করে অন্তত ২৫-৩০ জন লোক নিয়ে গ্রামে আসেন। রাজ্জাক ফকিরের বাড়িতে সালিস বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রাজ্জাকের তিনটি ঘরে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন রক্তাক্ত জখম হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে তিনটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসসহ ১৫ ব্যক্তিকে গ্রেপ্তার করে। আহত ব্যক্তিদের পার্শ্ববর্তী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় রাজ্জাক বাদী হয়ে গতকাল গ্রেপ্তার ওই ১৫ জনসহ ৩৪ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।