চিতলমারীতে সেতু ভেঙে ট্রাক নদীতে, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট-চিতলমারী সড়কের বেইলি সেতু ভেঙে যাওয়ায় বেশ কয়েকটি পথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার সকালে বাগেরহাটের চিতলমারী বাজারের মরা চিত্রা নদীর ওপর নির্মিত সেতুতে একটি পাথরবোঝাই ট্রাক উঠলে এটি ভেঙে যায়। এ সময় ট্রাকটি উল্টে নদীতে পড়ে যায় এবং সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় নজরুল মীর (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিচে পড়ে গুরুতর আহত হন। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বাগেরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এম মনোয়ারউজ্জামান বলেন, রোববার সকাল আটটার দিকে গোপালগঞ্জ থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে আসা পাথরবোঝাই ১০ চাকার ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৬-২৪৭৬) ওই সেতুর ওপর ওঠে। এ সময় ট্রাকটিতে ৪০ টন পাথর ছিল বলে ধারণা করা হচ্ছে। ভেঙে পড়া বেইলি সেতুর ধারণক্ষমতা মাত্র ১০ টন। ধারণক্ষমতার অতিরিক্ত পাথরবোঝাই থাকায় সেতুটি ভেঙে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই ট্রাকের মালিকের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করা হবে।সওজের নির্বাহী প্রকৌশলী এম মনোয়ারউজ্জামান আরও বলেন, বেইলি সেতুটি ভেঙে পড়ায় বাগেরহাটের সঙ্গে ঢাকাসহ স্থানীয় (বাগেরহাটের ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী, পাটগাতি, কচুয়া, বাগেরহাট সদর ও গোপালগঞ্জ) বেশ কয়েকটি পথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বেইলি সেতু নির্মাণ করতে সাত দিন সময় লাগবে।চিতলমারী থানা পরিদর্শক (তদন্ত) দিদারুল আলম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। সেতু থেকে পড়ে আহত চিতলমারী উপজেলার আশরাফ মীরের ছেলে নজরুল মীরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।