বাগেরহাটের চিতলমারী উপজেলার একটি কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে কচুয়া উপজেলার ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৪৭ জন এসএসসি পরীক্ষার্থী। ২ ফেব্রুয়ারি পরীক্ষা শেষে ফেরার পথে তুচ্ছ ঘটনার জের ধরে চিতলমারী এলাকার কয়েকজন তরুণ ওই বিদ্যালয়ের ১০ জন এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে এখানে এলে তাদের মারধর করবে বলে হুমকি দিয়েছে ওই তরুণেরা। এ কারণে পরীক্ষার্থী ও অভিভাবকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার শাহাদাৎ হোসেন জানান, এ বছর তাঁর বিদ্যালয়ের ২২ জন মেয়ে এবং ২৫ জন ছেলে চিতলমারীর শেরেবাংলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছে। ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী মমতাজুল হক জানান, ২ ফেব্রুয়ারি পরীক্ষা শেষে তিনি ও দুজন অভিভাবক চিতলমারী থেকে দুটি ইজিবাইকে ১০জন পরীক্ষার্থীকে নিয়ে ফিরছিলেন। উপজেলা শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এলে পেছন থেকে দুটি মোটরসাইকেলের ছয় তরুণ আরোহী সাইড চায়। কিন্তু সাইড দিতে না পারায় তারা ইজিবাইকের চালক হাফিজুর রহমানকে মারধর করে। এ সময় ঠেকাতে গেলে ওই তরুণেরা পরীক্ষার্থী ও তাঁদের মারধর করে। এ সময় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন। শেষে চিতলমারী গেলে ওই তরুণেরা তাঁদের দেখে নেওয়ার হুমকি দেয়।মমতাজুল হক আরও জানান, এ ঘটনায় তাঁরা সবুজ মুন্সী, ছোট শেখ, পাভেল শেখ ও ফয়সাল মোল্লার নাম উল্লেখ করে ২ ফেব্রুয়ারি রাতে চিতলমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।কচুয়া উপজেলার ছিটাবাড়ী গ্রামের মো. নাছির জানান, মেয়ের সামনেই তাঁকে মারধর করা হয়। এখন তিনি মেয়েকে চিতলমারীতে পরীক্ষা দিতে পাঠাতে ভয় পাচ্ছেন।চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. দিদারুল আলম জানান, এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দেওয়া লিখিত অভিযোগটি গতকাল দুপুরে মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ওই পরীক্ষার্থীদের বাকি পরীক্ষাগুলো নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।