চিতা বাঘের শাবক উদ্ধার, পরে মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গত রোববার একটি চিতা বাঘের শাবক উদ্ধার করা হয়। গতকাল সোমবার বন বিভাগের লোকজন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্ক এলাকার বনে অবমুক্ত করলে সেটি মারা যায়।
মধুটিলা ইকোপার্কের বন কর্মকর্তা ইলিছুর রহমান বলেন, ‘মানুষের হাতে আটক হওয়ার পর শাবকটিকে মারধর করা হয়। উদ্ধারের পর আমরা সেটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলাম। পরে বনের মধ্যে ছেড়ে দেওয়া হয়। কিছু দূর যাওয়ার পর শাবকটি মারা যায়।’
শেরপুর বন বিভাগ সূত্র জানায়, গত রোববার দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়নের মাদারেরচর গ্রামে লোকজন একটি গমখেতে চিতা বাঘের শাবকটি দেখতে পায়। গ্রামের কয়েকজন শাবকটি ধরে আটকে রাখেন। পরে পুলিশ খবর পেয়ে শাবকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ রোববার সন্ধ্যায় শেরপুর বন বিভাগের লোকজনের কাছে শাবকটি হস্তান্তর করে।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, ‘শাবকটি গমখেতের ভেতর ছিল। স্থানীয় কয়েকজন ধাওয়া করে ধরে শাবকটিকে আটকে রাখেন। আমরা খবর পেয়ে সেটি উদ্ধার করে থানায় আনা হয়।’
দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, ‘শাবকটির স্বাস্থ্য পরীক্ষার জন্য থানায় গিয়েছিলাম। মানুষের হাতে আটকা পড়ার কারণে শাবকটি কিছুটা ভয় পেয়েছিল। এ ছাড়া শাবকটি সুস্থ ছিল।’
শেরপুর বন্য প্রাণী বিভাগের কর্মকর্তা মো. মামুনূর রশিদ বলেন, ‘দেওয়ানগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বন ও পাহাড় রয়েছে। আমাদের ধারণা, শাবকটি সেখান থেকে লোকালয়ে চলে গিয়েছিল। লোকজনের হাতে আটকা পড়েছিল। পুলিশের সহায়তায় শাবকটি উদ্ধার করা হয়।’